সৌদি রুটে ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩:১১, ৩০ অক্টোবর ২০২৬

সৌদি রুটে ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে ঢাকা-সৌদি রুটে ফ্লাইট চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে শুক্রবার পর্যন্ত মোট ১৫৯টি ফ্লাইট বাতিল ও স্থগিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন প্রায় ২৩ হাজার যাত্রী।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে আরোপিত বিধিনিষেধের কারণে বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৭টি, সৌদিয়া এয়ারলাইনসের ২০টি, রিয়াদ এয়ারওয়েজের ১৫টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে।

বেবিচকের হিসাবে, এসব ফ্লাইটের কারণে ২২ হাজার ৭২১ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর সঙ্গে সমন্বয় করে ফ্লাইটের নতুন সময়সূচি নির্ধারণের কাজ চলছে বলে জানিয়েছে সংস্থাটি।

এর আগে, গত ১১ অক্টোবর হুথিদের হামলার পর সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট চলাচল বন্ধ রাখে। একই কারণে ইউএস-বাংলা এয়ারলাইনসও ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছিল।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন