নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩:৩১, ৩০ অক্টোবর ২০২৬
ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এনসিপি নেতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) দলটির প্রার্থী হিসেবে লড়বেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
প্রার্থী ঘোষণার সময় নাহিদ ইসলাম বলেন, রাজধানীর মানুষ নৈরাজ্য, সন্ত্রাস ও দখলদারত্বের মতো সমস্যার মধ্যে রয়েছেন। এসব পরিস্থিতি থেকে নগরবাসীকে মুক্ত করতে এনসিপি দুই প্রার্থীকে সামনে এনেছে। নির্বাচনে তাঁরা জয়ী হলে ঢাকাবাসীর সমস্যা সমাধানে কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, অতীতে পরিকল্পনা ও ষড়যন্ত্রের মাধ্যমে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নির্বাচনে পরাজিত করা হয়েছিল বলে তাঁরা মনে করেন। এবার তাঁকে বিজয়ী করতে দলীয় নেতা-কর্মীরা কাজ করবেন। একইভাবে আসিফ মাহমুদকে নির্বাচনের বাইরে রাখার যে চেষ্টা হয়েছিল, স্থানীয় সরকার নির্বাচনে তারও জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি।
এনসিপি আহ্বায়ক জানান, নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদের নেতৃত্বে ঢাকা মহানগরবাসীর অধিকার ও দাবি-দাওয়া নিয়ে মাঠে থাকবে এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত নেতা-কর্মীরা।