আসিফ বিল্লাহ, সিলেট:
প্রকাশ: ১৯:২২, ২৮ অক্টোবর ২০২৬
বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় নগরের বন্দরবাজারের কোর্ট পয়েন্টে আয়োজিত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম।
সমাবেশে সভাপতির বক্তব্যে ফখরুল ইসলাম বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠা দিয়ে যে নৃশংসতা চালানো হয়েছিল, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। প্রকাশ্যে মানুষ হত্যা করে লাশের ওপর নৃত্য করার মতো বর্বর ঘটনা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। এ ঘটনার সুষ্ঠু বিচার ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।”
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র প্রার্থী ড. নুরুল ইসলাম বাবুল বলেন, “২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা সময়ের দাবি। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু মতের ভিন্নতার কারণে মানুষ হত্যা কিংবা সহিংসতা চালানোর কোনো সুযোগ নেই। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে মানুষের জীবনের নিরাপত্তা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে।”
সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রব, অ্যাডভোকেট আলীম উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু এবং শাহপরান পূর্ব থানা জামায়াতের আমির শামীম আহমেদসহ স্থানীয় নেতারা।
বক্তারা ২৮ অক্টোবরের ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনা এবং রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবি জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বন্দরবাজারের কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। এ সময় দলীয় নেতাকর্মীরা ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার ও দায়ীদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।