সেলিনা জিন্নাত ঐশী, নোবিপ্রবি (নোয়াখালী)
প্রকাশ: ২০:৪৮, ২৯ অক্টোবর ২০২৬
তরুণদের নেতৃত্বের বিকাশ, কূটনৈতিক দক্ষতা অর্জন ও আন্তর্জাতিক নীতিনির্ধারণ সম্পর্কে ধারণা দিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অষ্টমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ছায়া জাতিসংঘ সম্মেলন-২০২৬। আগামী ১২ থেকে ১৪ নভেম্বর তিন দিনব্যাপী এ সম্মেলনে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থী অংশ নেবেন। সম্মেলনের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে সংবাদমাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাস।
আয়োজকরা জানান, এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘Recasting the Global Order Amid Rising Power Asymmetries’। বিশ্বরাজনীতিতে ক্ষমতার অসম বণ্টন, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা এবং বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণে ন্যায্য প্রতিনিধিত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয় সম্মেলনে আলোচনায় আসবে।
সম্মেলনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি), জাতিসংঘ মানবাধিকার পরিষদ (ইউএনএইচআরসি), উন্নয়নের জন্য বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতিসংঘ কমিশন (ইউএনসিএসটিডি), জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন (ইউএনএফসিসিসি), ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ), জাতীয় সংসদ (জাসা) ও আন্তর্জাতিক প্রেস (আইপি)—এই সাতটি কমিটি ও ফোরাম থাকবে।
এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন রাষ্ট্র ও প্রতিষ্ঠানের প্রতিনিধির ভূমিকায় নির্ধারিত বিষয়ে আলোচনা, গবেষণা, বক্তব্য উপস্থাপন ও যুক্তিনির্ভর বিতর্কে অংশ নেবেন। পাশাপাশি আলোচনার মাধ্যমে নীতিপ্রস্তাব প্রণয়নের সুযোগ পাবেন তাঁরা। এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের বিশ্লেষণী চিন্তা, জনসমক্ষে বক্তব্য প্রদান, কূটনৈতিক যোগাযোগ ও সমঝোতার দক্ষতা বিকশিত হবে।
আয়োজকদের মতে, বর্তমান বিশ্বে ভূরাজনৈতিক প্রতিযোগিতা, প্রযুক্তিগত বৈষম্য ও জলবায়ু সংকটের পাশাপাশি আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণে ন্যায্য প্রতিনিধিত্বের বিষয়টি ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সমস্যা সম্পর্কে তরুণদের সচেতন করা এবং অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সংগত বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার সম্ভাব্য পথ অনুসন্ধানে উৎসাহিত করাই সম্মেলনের অন্যতম উদ্দেশ্য।