এআই ব্যবহারে দক্ষতা অর্জনের তাগিদ শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:৪৩, ২৭ অক্টোবর ২০২৬

এআই ব্যবহারে দক্ষতা অর্জনের তাগিদ শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। ভালোভাবে এর ব্যবহার শিখতে হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা অনেক সময় ভুল উত্তর দিতে পারে। যে বিষয়ে নিজের ধারণা স্পষ্ট নয়, সে বিষয়ে এআইয়ের ভুল ধরাও কঠিন। তাই নিজের বিষয়ের ভিত্তি মজবুত করে গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ বিপুল জনসংখ্যার একটি দেশ। এই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষাখাতে জিডিপির দুই শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। এই বাজেটকে যথাযথভাবে কাজে লাগাতে হবে।

বরাদ্দকৃত অর্থের যেন কোনো অপচয় না হয়, সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে।

তিনি আরো বলেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে প্রায় ২৭০০ কোটি টাকার ডিপিপি প্রনয়নের কাজ চলমান রয়েছে। এ প্রকল্পের বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।

অনুষ্ঠানে গবেষণায় বিশেষ অবদানের জন্য বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষক ও ১৯ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। শিক্ষামন্ত্রী তাদের হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, আগামী ৩১ অক্টোবর সকাল ১১টায় এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

তিনি আরো বলেন, ২০২৭ শিক্ষাবর্ষের বই যথাসময়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে। এ ছাড়া পাঠ্যপুস্তকের মানের বিষয়ে কোনো আপস করা হবে না।

আরও পড়ুন