বিশ্ব র‍্যাঙ্কিংএ বাংলাদেশের বেসরকারিবিশ্ববিদ্যালয়ে প্রথম এআইইউবি

মোহাম্মদ মুবাশ্বির রহমান, এআইইউবি প্রতিনিধি

প্রকাশ: ২৩:১৪, ২৮ অক্টোবর ২০২৬

বিশ্ব র‍্যাঙ্কিংএ বাংলাদেশের বেসরকারিবিশ্ববিদ্যালয়ে প্রথম এআইইউবি

আন্তর্জাতিক উচ্চশিক্ষা বিষয়ক সংস্থা টাইমস হায়ার এডুকেশন (THE) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস ২০২৭’-এ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। বৈশ্বিক তালিকায় ৮০১–১০০০তম অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি।

প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে বিশ্বের ১১৮টি দেশ ও অঞ্চলের ২২৯৭টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এআইইউবিসহ একাধিক প্রতিষ্ঠান যৌথভাবে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এআইইউবির এই অবস্থান দেশের উচ্চশিক্ষা খাতে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠানটির উপস্থিতিকে তুলে ধরে।

বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণে টিএইচই শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গবেষণার গুণগত মান, শিল্পখাতের সঙ্গে সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক সম্পৃক্ততাসহ পাঁচটি প্রধান ক্ষেত্র বিবেচনা করে। এসব ক্ষেত্রের অধীনে গবেষণার প্রভাব, গবেষণাপত্রে উদ্ধৃতি, শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত, শিল্পখাতের সঙ্গে সহযোগিতা এবং আন্তর্জাতিক গবেষণা সহযোগিতার মতো সূচক মূল্যায়ন করা হয়।

আগের বছরের তুলনায় এবারের র‍্যাঙ্কিংয়ে এআইইউবির অবস্থানের উন্নতি হয়েছে। ২০২৬ সালের তালিকায় বিশ্ববিদ্যালয়টি ১২০১–১৫০০তম অবস্থানে ছিল। নতুন তালিকায় ৮০১–১০০০তম অবস্থানে উঠে আসা বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টির অগ্রগতির প্রতিফলন।

আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে এ ধরনের অবস্থান শিক্ষা ও গবেষণার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা এবং শিল্পখাতের সঙ্গে কার্যকর সম্পর্কের গুরুত্ব তুলে ধরে। বৈশ্বিক উচ্চশিক্ষার প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য এসব ক্ষেত্রে ধারাবাহিক উন্নয়ন গুরুত্বপূর্ণ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন