চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম মারা গেছেন

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশ: ২৩:২৮, ২৮ অক্টোবর ২০২৬

চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম মারা গেছেন

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন পপি। সেখানে মায়ের বিদেহী আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।

পপি তার স্ট্যাটাসে লিখেছেন, ‘আম্মার বিদেহী আত্মার শান্তি কামনায়, সবাই দোয়া করবেন।’

অভিনেত্রীর মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন। তিনি জানান, মরিয়ম বেগমের প্রথম জানাজা ঢাকায় অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ নেওয়া হবে খুলনায় গ্রামের বাড়িতে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি রোগ ও বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন মরিয়ম বেগম। গত ১৪ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর গুলশানের নিকেতনে নিজ বাসায় স্ট্রোক করেন তিনি। পরে রাত পৌনে ২টার দিকে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মরিয়ম বেগম। মঙ্গলবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ সময় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রস্তুতি চলছিল। এর মধ্যেই রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

একসময় ঢাকাই সিনেমার পর্দায় নিয়মিত দেখা যেত চিত্রনায়িকা পপিকে। একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকের ভালোবাসা অর্জন করেন তিনি। তবে দীর্ঘদিন ধরে অভিনয় ও চলচ্চিত্রসংশ্লিষ্ট কর্মকাণ্ড থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী।

পপির মায়ের মৃত্যুর খবরে চলচ্চিত্র অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে। মাকে হারানোর শোকের মধ্যে তার এই স্ট্যাটাসে মায়ের আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া চাওয়ার বিষয়টি উঠে এসেছে।

আরও পড়ুন