বিনোদন ডেস্ক
প্রকাশ: ০০:১১, ২৫ অক্টোবর ২০২৬
আজ শনিবার (২৪ অক্টোবর) ছিল পরীমণির জন্মদিন; সন্তানদের নিয়েই বিশেষ এই দিনের প্রথম প্রহর উদযাপন করলেন চিত্রকন্যা।
শুক্রবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে সেই উদযাপনের বিশেষ মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই নায়িকা।
ভিডিওতে দেখা যায়, লাল রঙের খোলা গাউনে আনন্দঘন পরিবেশে নিজের জন্মদিন উদযাপন করছেন পরীমণি। তার দুই সন্তান ছেলে পূণ্য ও কন্যা প্রিয়মও ছিল সঙ্গে।
এ সময় নায়িকাকে হাসিমুখে কেক কাটতে দেখা যায়। কেকটির ওপরে মোমবাতি জ্বালানো ছিল।
কাটার সময় মাকে ভালোবাসায় ও চুম্বনে ভরিয়ে দেয় দুই সন্তানই। ব্যক্তিজীবনে নানা চড়াই-উতরাই ও সংগ্রামের পথ পেরিয়ে বর্তমান সময়ে দুই সন্তানকে ঘিরেই যেন তার পুরো পৃথিবী।
ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘হ্যাপি বার্থডে টু মি!’ সঙ্গে জুড়ে দিয়েছেন লাল হৃদয় ও ফুলের ইমোজি। সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রকাশের পর থেকেই কমেন্ট বক্সে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা তাকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করছেন।
এদিকে আজ সন্ধ্যায় ঢাকার পার্শ্ববর্তী একটি নিরিবিলি ভেন্যুতে পরীমণির জন্মদিন উপলক্ষে বসেছে ‘শিউলি সন্ধ্যা’র আসর। সেখানে প্রিয়জনদের সঙ্গে সময় কাটান অভিনেত্রী। বড় আয়োজনের বদলে ভালোবাসা, আন্তরিকতা আর কাছের মানুষদের উপস্থিতিকেই এবার প্রাধান্য দিয়েছেন তিনি।