শেখ মোস্তফা কামাল,কেশবপুর (যশোর)
প্রকাশ: ২৩:০৭, ২৪ অক্টোবর ২০২৬
জীবনের শেষ প্রান্তে এসে যে ভ্যানটি ছিল তাঁর বেঁচে থাকার একমাত্র অবলম্বন, সেই ভ্যানটিই কেড়ে নিতে তাঁকে রক্তাক্ত করল দুর্বৃত্তরা। যাত্রীবেশে ভ্যানে উঠে নির্জন সড়কে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হলো ৬০ বছর বয়সী বৃদ্ধ মফেজ উদ্দিন মোড়লকে। এরপর তাঁকে রাস্তার পাশে ফেলে রেখে তাঁর উপার্জনের একমাত্র সম্বল ব্যাটারিচালিত ভ্যানটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্ত।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় যশোরের কেশবপুর-পাঁজিয়া সড়কের হদ এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। আহত মফেজ উদ্দিন খুলনার ডুমুরিয়া উপজেলার নরনীয়া এলাকার বাসিন্দা। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারে নিজের ভ্যান নিয়ে অবস্থান করছিলেন মফেজ উদ্দিন। এ সময় কেশবপুরের পাঁজিয়া এলাকার হদে যাওয়ার কথা বলে এক অজ্ঞাত ব্যক্তি তাঁর ভ্যান ভাড়া করেন। ১৫০ টাকা ভাড়া ঠিক করে ওই ব্যক্তি ভ্যানে ওঠেন। যাত্রীকে গন্তব্যে পৌঁছে দিতে রওনা হন বৃদ্ধ।
কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই বদলে যায় দৃশ্যপট। নির্জন সড়কে পৌঁছালে সুযোগ বুঝে ওই যাত্রীবেশী দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে বৃদ্ধের মাথায় আঘাত করে। মুহূর্তেই রক্তাক্ত হয়ে পড়েন তিনি। জীবিকার একমাত্র সম্বলটি বাঁচানোর সুযোগ তো দূরের কথা, নিজের জীবন বাঁচানোই কঠিন হয়ে পড়ে তাঁর জন্য।
রক্তাক্ত বৃদ্ধকে সড়কের পাশে ফেলে রেখে ভ্যানটি নিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্ত। কিছুক্ষণ পর স্থানীয়রা তাঁকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।