সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় সরকারের প্রতিশ্রুতি আছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

প্রকাশ: ২৩:৫৬, ২৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২৩:৫৯, ২৪ অক্টোবর ২০২৬

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় সরকারের প্রতিশ্রুতি আছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার ব্যাপারে বর্তমান সরকারের প্রতিশ্রুতি আছে বলে জানিয়েছেন কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পাশাপাশি আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে যেন ক্ষমতার ভারসাম্য থাকে সে বিষয়টি নিয়েও সংবিধান সংশোধন কমিটিতে আলোচনা হয়েছে বলে তিনি জানান।

শনিবার(২৪ অক্টোবর) জতীয় সংসদ ভবনে ’সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান ৷ কমিটির সভাপতি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ সভায় সভাপতিত্ব করেন ৷ সংবিধান ও আইন বিশেষজ্ঞ, শিক্ষাবিদদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার ব্যাপারে আমাদের প্রতিশ্রুতি আছে।

কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রণীত অধ্যাদেশটা আমরা আইনে পরিণত করিনি কারণ সেখানে অনেক ত্রুটি ছিল। 

সভায় আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, এই পর্যন্ত আমরা যে কয়টা বৈঠক করেছি তার মধ্যে আজকের আলোচনাটা ছিল সবচেয়ে সমৃদ্ধ।

আমাদের আর দুই-একটা বৈঠক বাকি আছে। আমরা এরইমধ্যে কম্পাইলেশন ওয়ার্ক শুরু করে দিয়েছি কারণ রিপোর্ট প্রদানের জন্য আমাদের একটা সময়সীমা রয়েছে।

আজকে আমাদের যে সমস্ত বিষয়গুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে তার মধ্যে কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচার থিওরির উপরে বক্তব্য, জুডিশিয়াল রিভিউ অন এডমিনিস্ট্রেটিভ অ্যাকশন, জুডিশিয়াল রিভিউ অন লেজিসলেটিভ অ্যাকশন, জুডিশিয়াল রিভিউ অন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদ সদস্যদের কিছুটা সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতা কিভাবে কমিয়ে আনা যায়, কোন কোন বিষয়ে সংসদ সদস্যরা স্বাধীন থাকবেন, সেটা নির্ধারণ করা যায়। তিনি আরও বলেন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সংবিধান সংশোধন, অর্থবিল এবং আস্থা -অনাস্থা ভোট, এই তিনটার ক্ষেত্রে আমাদের নোট অব ডিসেন্ট দেয়া ছিল দুইটা বিষয়ে। যেন এখানে যুদ্ধকালীন পরিস্থিতি হলে জাতীয় নিরাপত্তার প্রশ্নে, সেই জায়গায় যেন এমপিরা স্বাধীন না থাকে, দলের পক্ষে ভোট দেন, সে বিষয়টা উনারা অন্তর্ভুক্ত করতে বলেছেন। এইসব বিষয় বাদে, বাকি সমস্ত বিষয়ে এমপিরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন এমনটা উনারা বিস্তারিত আলোচনা করেছেন।

রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য বিষয়ে কথা হয়েছে। এবং আমাদের বিচার বিভাগের স্বাধীনতা বাস্তবায়ন করতে যেয়ে বিচারক নিয়োগের ক্ষেত্রে যে আইন এবং সুপ্রিম কোর্টের সচিবালয় প্রতিষ্ঠা আর অধস্তন আদালতের ক্ষেত্রে আর্টিকেল ১১৬ তার যে প্রভিশন, সে সমস্ত বিষয়ে কথা হয়েছে। মোদ্দা কথা আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ- এই তিন বিভাগের মধ্যে যেন ক্ষমতার ভারসাম্য থাকে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, সুপ্রিম কোর্ট সচিবালয়ও প্রতিষ্ঠা হবে। আর স্থায়ী কমিটি সংক্রান্ত যে সভাপতি পদ বিরোধী দলের মধ্য থেকে নেয়া, সে বিষয়েও সবাই একমত। সংসদীয় স্থায়ী কমিটি, দুটি গুরুত্বপূর্ণ কমিটি - পাবলিক অ্যাকাউন্টস কমিটি এবং সম্ভবত প্রিভিলেজ কমিটি, এই জাতীয় তিনটি কমিটি, চারটা কমিটির কথা বলা হয়েছে, কিন্তু একটা কমিটি স্পিকার সাহেব সভাপতি থাকেন। সেই ক্ষেত্রে বাকি তিনটায় বিরোধী দলকে দেওয়া হবে। এগুলো আফটার দি অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, যখন আমরা এটা ধারণ করব, সেই ক্ষেত্রে আর্টিকেল ৭৬-এর বক্তব্যটা ঠিক আছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন