সাকিব চৌধুরী, চট্টগ্রাম
প্রকাশ: ২৩:১৫, ২৪ অক্টোবর ২০২৬
সীতাকুণ্ডে মুস্কান ড্রিংকিং ওয়াটার কারখানায় অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় দৈনিক জনবাণীর সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি সাংবাদিক জয়নাল আবেদীনকে ডেকে নিয়ে আটক, পুলিশে সোপর্দ ও ভুয়া মামলায় কারাগারে পাঠানোর প্রতিবাদে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা জানান, গত ২১ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার মুস্কান ড্রিংকিং ওয়াটার কারখানার এক কর্মকর্তা সাংবাদিক জয়নাল আবেদীনকে ডেকে এনে আটক করেন।
পরে খবর পেয়ে সীতাকুণ্ড থানার এসআই নূর উল্লাহ কোনো লিখিত অভিযোগ ছাড়াই তাঁকে থানায় নিয়ে যান এবং ১৮ থেকে ২০ ঘণ্টা বেআইনিভাবে আটকে রেখে মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠান।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিক নেতারা সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম, ওসির তদন্ত মোস্তফা এবং এসআই নূর উল্লাহর দ্রুত প্রত্যাহারের দাবি জানান। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিক জয়নালের নিঃশর্ত মুক্তি না দেওয়া হলে সীতাকুণ্ড থানা ঘেরাও করারও হুঁশিয়ারি দেওয়া হয়।
মানববন্ধনে সংযুক্ত হয়ে বিরল সংহতি প্রকাশ করেন প্রবাসে অবস্থানরত গণমাধ্যমকর্মীরাও। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে সরাসরি ভিডিও কলের মাধ্যমে আন্তর্জাতিক মাইক্রোফোনে যুক্ত হন ‘সাপ্তাহিক বহমান বাংলা’র নিউজ রুম এডিটর আরিফুল হাসান।
দূরযোগাযোগ মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে আরিফুল হাসান বলেন, সত্য প্রকাশের কারণে একজন অনুসন্ধানী সাংবাদিককে এভাবে অন্যায়ভাবে আটকে রাখা ও মিথ্যা মামলায় কারাগারে পাঠানো স্বাধীন সাংবাদিকতার মুখে চরম চড় মারার শামিল। প্রবাসে থাকলেও দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও সহকর্মীদের সুরক্ষায় আমরা নীরব থাকতে পারি না। অনতিবিলম্বে সাংবাদিক জয়নাল আবেদীনের ওপর থেকে সব মিথ্যা মামলা প্রত্যাহার করে তাঁকে মুক্তি দিতে হবে। অন্যথায় এই প্রতিবাদ কেবল চট্টগ্রামেই সীমিত থাকবে না, আন্তর্জাতিক অঙ্গনেও এর প্রতিবাদ ধ্বনিত হবে।
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটির সভাপতি শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আর কে হেলালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি কে এম রুবেল। তিনি বলেন, জয়নাল আবেদীনের প্রতিবেদনের বিষয়ে কারও দ্বিমত থাকলে সংবাদের মাধ্যমে জবাব দেওয়া কিংবা আদালতের আশ্রয় নেওয়ার সুযোগ ছিল। কিন্তু পুলিশকে ব্যবহার করে এভাবে বেআইনি আটক ও মামলা দেওয়া সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরফিন বলেন, তথ্য প্রযুক্তি, ডিজিটাল বা সাইবার নিরাপত্তা আইনের মতো নিপীড়নমূলক আইনের বিরুদ্ধে সাংবাদিক সমাজ দীর্ঘদিন ধরে লড়াই করছে।
কোনো অনুসন্ধানী সংবাদের জেরে সাংবাদিক গ্রেফতারের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে জয়নাল আবেদীনসহ অন্যায়ভাবে বন্দী সকল সাংবাদিকের মুক্তি নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ দাবি করছি।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন: নাছির উদ্দিন শিবলু (সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি, দৈনিক আমার সংবাদ), আমজাদ হোসেন (দৈনিক গণকণ্ঠ), ইমরান হোসেন (আনন্দ টিভি), সাংবাদিক রমিজ, হাসান তারেক (অর্থ সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা, সীতাকুণ্ড), মোঃ হোসেন (সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক), আনোয়ার হোসেন (যুগ্ম সাধারণ সম্পাদক), জাহাঙ্গীর (সভাপতি, মিরসরাই উপজেলা কমিটি), এবং সাকিব উদ্দিন (সাধারণ সম্পাদক, মিরসরাই উপজেলা কমিটি)। এছাড়াও চট্টগ্রাম প্রেস ক্লাব ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উক্ত মানববন্ধনে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।