নোবিপ্রবিতে ছাত্রশক্তির নবীনবরণে আসছেন নাহিদ ইসলাম

সেলিনা জিন্নাত ঐশী, নোবিপ্রবি (নোয়াখালী)

প্রকাশ: ২০:১৩, ২৯ অক্টোবর ২০২৬

নোবিপ্রবিতে ছাত্রশক্তির নবীনবরণে আসছেন নাহিদ ইসলাম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে নবীনবরণ, জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সম্মাননা ও শিক্ষার্থীদের ভাবনা কার্যক্রমের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এমপি।

শনিবার (৭ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সম্মাননা দেওয়া হবে। এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা কার্যক্রমে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে এনসিপির যুগ্ম আহ্বায়ক আবদুল হান্নান মাসউদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মো. সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, নারী বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হুমায়রা নূর এবং যুগ্ম আহ্বায়ক সালেহ উদ্দিন সিফাতের।

এ ছাড়া জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকার মজুমদার, সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক আবু তৌহিদ মো. সিয়ামের উপস্থিত থাকার কথা রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় ছাত্রশক্তির নোবিপ্রবি শাখার আহ্বায়ক শহিদুল ইসলাম।

আয়োজনের বিষয়ে শহিদুল ইসলাম বলেন, নতুন সংগঠন হিসেবে শিক্ষার্থীদের জন্য ভালো কিছু করার চেষ্টা করছেন তারা। সেই লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের প্রায় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী ৭ নভেম্বর ২০২৪ সালের একদফার ঘোষক নাহিদ ইসলাম অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা প্রকাশ করেন তিনি। সবার সহযোগিতায় আয়োজনটি সফল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন