চট্টগ্রামে শিশু অপহরণ ও ধর্ষণ মামলার দুই আসামি রামুতে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২:০৯, ২৯ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে শিশু অপহরণ ও ধর্ষণ মামলার দুই আসামি রামুতে গ্রেফতার

চট্টগ্রামের পটিয়ায় শিশু অপহরণ ও ধর্ষণের মামলায় এজাহারভুক্ত এক নম্বর ও দুই নম্বর আসামিকে কক্সবাজারের রামু থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে রামুর মরিচ্চ্যা বাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মামলার এক নম্বর আসামি আদিত্য মল্লিক (২১) ও দুই নম্বর আসামি উত্তম মল্লিক (৪৪)। তারা দুজনই চট্টগ্রামের পটিয়া থানার ভাইয়ের দিঘীর পাড় অলির হাট মল্লিক পাড়ার বাসিন্দা।

এসআরবি সূত্রে জানা যায়, ভুক্তভোগী চট্টগ্রামের হাটহাজারী থানার যুগির হাট এলাকার এক স্কুলছাত্রী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে আদিত্য মল্লিকের সঙ্গে তার পরিচয় হয়। অভিযোগ অনুযায়ী, পরিচয়ের সূত্র ধরে আদিত্য বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে তার সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ৩১ মে ২০২৫ বিকেলে ভুক্তভোগীর মা কর্মস্থলে থাকার সুযোগে আদিত্য মল্লিক ও মামলার অপর এক আসামি তাকে হাটহাজারীর আমান বাজারের যুগির হাট কলেজ রোড এলাকায় দেখা করতে বলেন। সেখানে উপস্থিত হলে তাকে একটি অপরিচিত সিএনজিচালিত অটোরিকশায় করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ রয়েছে। পরে ভয়ভীতি দেখিয়ে তাকে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে ও ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় পটিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত) এবং বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর অধীনে মামলা করা হয়।

এসআরবি-১৫, কক্সবাজারের সিপিএসসি এবং এসআরবি-৭, চট্টগ্রামের সদর কোম্পানির একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মামলার দুই আসামি কক্সবাজারের রামু এলাকায় অবস্থান করছেন। পরে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে মরিচ্চ্যা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার এড়াতে তারা চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে এসআরবি।

গ্রেফতার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজারের ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন