মোঃ রাজু মিয়া সোহাগ, নীলফামারী
প্রকাশ: ২১:২৯, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর হাজীপাড়া এলাকায় পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন প্রকল্প উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য খেলাধুলাকে পেশাদার পর্যায়ে নিয়ে যাওয়া। এ জন্য নতুন করে ক্রীড়া কার্যক্রম শুরু করার মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করার কাজ চলছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকেরা কাজ করছেন।
তিনি আরও বলেন, জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে খেলাধুলার উপযোগী করা হবে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ তৈরি হবে এবং সেখান থেকে ভালো মানের খেলোয়াড় উঠে আসার সুযোগ বাড়বে।
যুবকদের কর্মসংস্থান প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষিত ও বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা গ্রহণ করেছে। বিশেষ করে ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে যুবকদের দক্ষতা উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, যুবকদের এমন মানসম্মত প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তাঁরা দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে পারেন। দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের স্বাবলম্বী করে গড়ে তোলার পাশাপাশি তাঁদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্যোগও নেওয়া হচ্ছে।
জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাসের সম্ভাবনা তুলে ধরে আমিনুল হক বলেন, প্রতিটি ঘরে এবং গরুর খামার রয়েছে—এমন এলাকায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে জ্বালানি চাহিদা পূরণের পাশাপাশি তরুণ উদ্যোক্তারা স্বাবলম্বী হতে পারবেন। বায়োগ্যাস সংযোগ দিয়ে আয় করারও সুযোগ তৈরি হবে।
এর আগে প্রতিমন্ত্রী পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় পাঁচজন উদ্যোক্তার মধ্যে ঋণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে নীলফামারীর জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকলিমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।