আরিফুল ইসলাম, জয়পুরহাট
প্রকাশ: ২২:৫৫, ৩১ অক্টোবর ২০২৬
জয়পুরহাটের কালাইয়ে ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই গ্রামের দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে কালাই-বগুড়া আঞ্চলিক মহাসড়কের কালাই পৌরসভার সড়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কালাই উপজেলার আপলাপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে নুরনবী (৫৭) এবং মৃত মফিজ উদ্দিনের ছেলে এনামুল হক (৫৫)। আহত সোহরাব হোসেন (৫২) একই গ্রামের ইউসুফ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় একটি যাত্রীবাহী অটোরিকশা নিয়ে তাঁরা সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে জয়পুরহাটের দিকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সরাসরি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নুরনবীর মৃত্যু হয়। অটোরিকশায় থাকা অপর দুই যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে এনামুল হকের মৃত্যু হয়।
কালাই থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. ইমায়েদুল জাহেদী দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়।