আসিফ বিল্লাহ, সিলেট
প্রকাশ: ২১:০২, ৩১ অক্টোবর ২০২৬
সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৫ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হাম সন্দেহে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৩৬ জন। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো হাম রোগী শনাক্ত হয়নি।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুর নাম রাজ আহমেদ। তার বয়স মাত্র ১০ মাস। সে হবিগঞ্জের লাখাই উপজেলার মিঠু মিয়ার ছেলে।
এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মোট ২০৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০ জন। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৮৩, সুনামগঞ্জে ৭৩, হবিগঞ্জে ৩৩ এবং মৌলভীবাজারে ১৬ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম শনাক্ত না হলেও চলতি বছর বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১৫ জনে। এর মধ্যে সিলেটে ৪৪২, সুনামগঞ্জে ৩৫৭, হবিগঞ্জে ১৫৮ এবং মৌলভীবাজারে ১৫৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে ১৩৬ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৯, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫০, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৭, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৪ এবং সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন ভর্তি হয়েছেন।
এ ছাড়া মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০, মৌলভীবাজার সদর হাসপাতালে ৭, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৩৮, হবিগঞ্জ সদর হাসপাতালে ২, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ এবং বিয়ানীবাজারে ১ জন ভর্তি হয়েছেন।
সব মিলিয়ে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে ৪৫১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।