নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩:৪৬, ৩১ অক্টোবর ২০২৬
আগামীকাল রোববার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আজ শনিবার দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। এবারের দিবসের প্রতিপাদ্য ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’।
রাষ্ট্রপতি বলেন, যুবসমাজ একটি জাতির প্রাণশক্তি এবং উন্নয়নের অন্যতম প্রধান নিয়ামক। দেশের বড় বড় গণতান্ত্রিক অর্জনে তরুণরা অগ্রণী ভূমিকা রেখেছেন। ঐতিহাসিক ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে তাঁদের অবদান স্মরণীয়।
তিনি বলেন, দেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ। এই জনমিতিক সুবিধাকে কাজে লাগিয়ে যুবসমাজকে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে পরিণত করা গেলে উন্নত, আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার পথ আরও সুগম হবে। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও তরুণদের সম্ভাবনা কাজে লাগাতে হবে।
এ জন্য কর্মসংস্থানমুখী মানসম্মত শিক্ষা, আধুনিক প্রযুক্তিগত দক্ষতা, উন্নত স্বাস্থ্যসেবা এবং টেকসই কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
রাষ্ট্রপতি স্মরণ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবসমাজকে উৎপাদনশীল জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে সমন্বিত পরিকল্পনা ও কর্মসূচির ভিত্তি স্থাপন করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেই উদ্যোগকে আরও এগিয়ে নেন।
তিনি জানান, যুব উন্নয়ন কার্যক্রমকে আধুনিক ও শক্তিশালী করতে বর্তমান সরকার সরকারি-বেসরকারি অংশীজনদের সম্পৃক্ত করে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর আওতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং যুব উন্নয়ন অধিদপ্তর কৃষি, হস্তশিল্প, কারিগরি শিক্ষা, ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে। এসব উদ্যোগ তরুণদের উদ্যোক্তা ও স্বনির্ভর নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সুস্থ ও সুন্দর সমাজ গঠনে যুবসমাজের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, মাদকাসক্তি প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ এবং সামাজিক অবক্ষয় রোধে তরুণদের সামাজিক আন্দোলন ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে এগিয়ে আসতে হবে।
যুবসমাজের সার্বিক উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনে সরকার, বেসরকারি খাত, সামাজিক সংগঠন, বিত্তবান ব্যক্তি ও পরিবারকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি বলেন, ‘যুবসমাজের মর্যাদাপূর্ণ কর্মসংস্থান ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করাকে আমাদের সম্মিলিত অঙ্গীকার হিসেবে গ্রহণ করতে হবে।’
শেষে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন রাষ্ট্রপতি।