বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল মিরপুর, ন্যূনতম মজুরি ৩০ হাজার দাবি

জুবায়ের আলম সৈকত, ঢাকা

প্রকাশ: ১৪:৩৬, ৩১ অক্টোবর ২০২৬

বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল মিরপুর, ন্যূনতম মজুরি ৩০ হাজার দাবি

রাজধানীর মিরপুরে ফের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আন্দোলনে নেমেছেন গার্মেন্টস শ্রমিকরা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধি এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে মিরপুরের আশপাশের বিভিন্ন এলাকা থেকে গার্মেন্টস শ্রমিকরা মিরপুর-১০ গোলচত্বরে জড়ো হতে থাকেন।

সরেজমিনে দেখা যায়, শ্রমিকরা ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণসহ বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের দাবি, বর্তমান বাজারদরের সঙ্গে বিদ্যমান বেতন সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাদের।

আন্দোলনরত শ্রমিকরা জানান, বেতন বৃদ্ধির বিষয়ে কর্তৃপক্ষের কাছে দাবি জানালে অনেক ক্ষেত্রে চাকরি ছেড়ে দেওয়ার কথা বলা হয়। এ পরিস্থিতিতে তারা ‘বেতন বৃদ্ধি করো, নয়তো বাজারদর কমাও’—এমন দাবি তুলে ধরেন।

মিরপুর-১১ এলাকা থেকে আসা এক শ্রমিক বলেন, সরকার নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী বেতন বাড়াতে গার্মেন্টস কর্তৃপক্ষের অনীহা রয়েছে। অন্যদিকে বাড়িভাড়া বৃদ্ধির বিষয়েও কিছু কারখানা কর্তৃপক্ষ সীমিত পরিমাণে বাড়াতে চায়। এতে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে।

শ্রমিকদের দাবি, শুধু মিরপুর নয়, দেশের বিভিন্ন এলাকায় গার্মেন্টস শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

এ সময় শ্রমিকরা আরও দাবি জানান, বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করার কারণে যেন কাউকে চাকরিচ্যুত করা না হয়। ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে অংশ নিয়ে কোনো শ্রমিককে যেন চাকরি হারানোর ঝুঁকিতে পড়তে না হয়, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন