জনগণ ভোট দিয়েছে সরকার সেই রায় মানে না: ডা. শফিকুর রহমান

শান্ত মিয়া, জাজিরা (শরীয়তপুর)

প্রকাশ: ১৪:৪৬, ৩১ অক্টোবর ২০২৬

জনগণ ভোট দিয়েছে সরকার সেই রায় মানে না: ডা. শফিকুর রহমান

জনগণ ভোট দিয়েছে সরকার সেই রায় মানে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, সরকার জনগণের ভোটের রায়কে সম্মান না জানিয়ে তাদের সঙ্গে প্রতারণা ও মিথ্যাচার করছে।

​শনিবার (৩১ অক্টোবর) সকালে গণভোটের গণরায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ কর্মসূচি পালিত হয়। শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​সরকারের কঠোর সমালোচনা করে ডা. ​শফিকুর রহমান বলেন, জনগণের ঘাড়ে স্বৈরশাসন চাপিয়ে দেওয়ার পাঁয়তারা চলছে, জনগণকে অপমান করছে সরকার। জনগণের সঙ্গে প্রতারণা করছে, ধোঁকা দিচ্ছে এবং মিথ্যাচার করছে। আমরা এসব মেনে নেব না। এই জাতি খালি হাতে বুকে গুলি নিয়েছে, কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না।

​সাত দফা দাবি বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, “জনগণ আমাদের সঙ্গে থাকলে ইনশাআল্লাহ এই সাত দফা দাবি আদায় করা হবে। আমাদের প্রথম ও প্রধান দাবি হলো গণভোটের গণরায় বাস্তবায়ন।” এ সময় তিনি সকল অন্যায় ও চক্রান্তের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

​পথসভায় ১১ দলীয় ঐক্যের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের মধ্যে আরও বক্তব্য রাখেন ​অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী,​মাওলানা মামুনুল হক, আমীর, খেলাফত মজলিস, মাওলানা জালালুদ্দিন আহমদ, মহাসচিব, খেলাফত মজলিস ​এবং ১১ দলীয় ঐক্যের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

​১১ দলীয় ঐক্যের ৭ দফা দাবি  গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি,  সংকীর্ণ দলীয়করণ চিরতরে বন্ধ করা,  দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্ব কঠোর হাতে দমন। এসব দাবি আদয়ের লক্ষ্যে ঢাকা - খুলনা- কুষ্টিয়া অভিমুখে লং মার্চ কর্মসূচি পালন করছে ১১ দলীয় ঐক্য।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন