লংমার্চের নামে গাড়িমার্চ করা হয়েছে: সংস্কৃতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২:১২, ৩১ অক্টোবর ২০২৬

লংমার্চের নামে গাড়িমার্চ করা হয়েছে: সংস্কৃতিমন্ত্রী

লংমার্চের নামে ১১ দলীয় ঐক্য জোট গাড়িমার্চ করেছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

শনিবার দুপুরে চুয়াডাঙ্গা সার্কিট হাউজে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

মন্ত্রী আরও বলেন, ‘লংমার্চের ইতিহাস হচ্ছে লংমার্চ পায়ে হেঁটে করতে হয়। কিন্তু তারা যেটা করেছে সেটাকে গাড়িমার্চ বলে। এই গাড়ি মার্চের মাধ্যমেই তারা তাদের কথা বলবে, মানুষ শুনবে। এগুলো নিয়ে আমাদের মন্তব্য নেই। আমরা চাই, একটা দেশে যাদের রাজনীতি করার অধিকার আছে তারা রাজনীতি করুক।’ 

মতবিনিময় সভায় জেলার মাদক, চোরাচালান, বাল্যবিয়ে ও আত্মহত্যা প্রবণতা রোধ করার পদ্ধতি নিয়ে আলোচনা ও বর্তমান আইনশৃঙ্খলা প্রসঙ্গ নিয়ে কথা বলেন নিতাই রায় চৌধুরী। 

সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার, পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফসহ অন্যরা।

পরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সপ্তাহব্যাপী নজরুল উৎসবের সমাপনী অনুষ্ঠানে অংশ নেন সংস্কৃতিমন্ত্রী।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন