রোয়াংছড়িতে আন্তাহা পাড়া বৌদ্ধ বিহারের নির্মাণকাজ উদ্বোধন

​চিংনুমং মারমা,রোয়াংছড়ি,বান্দরবান

প্রকাশ: ২৩:০৩, ৩১ অক্টোবর ২০২৬

রোয়াংছড়িতে আন্তাহা পাড়া বৌদ্ধ বিহারের নির্মাণকাজ উদ্বোধন

পার্বত্য জেলা বান্দরবানের রোয়াংছড়িতে ধর্মীয় সম্প্রীতি ও স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের আধ্যাত্মিক চাহিদা পূরণের লক্ষ্যে 'আন্তাহা পাড়া বৌদ্ধ বিহার'-এর নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

​শনিবার (৩১ অক্টোবর) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে এই বৌদ্ধ বিহারের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মহৎ কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মিজ মাম্যাচিংয়ের পক্ষে পরিষদের সম্মানিত সদস্য চ নু মং মারমা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের সদস্য চ নু মং মারমা বলেন, "পার্বত্য অঞ্চলের প্রতিটি সম্প্রদায় যেন তাদের নিজস্ব ধর্মীয় ও সামাজিক আচার-অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালন করতে পারে, সে বিষয়ে বর্তমান জেলা পরিষদ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এলাকার ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং সামগ্রিক সামাজিক উন্নয়নে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
​এ সময় স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বী ও এলাকাবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য মাওসেতুং তঞ্চঙ্গ্যা, নোয়াপতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চনুমং মার্মা, এলাকার ঐতিহ্যবাহী হেডম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ​এবং রোয়াংছড়ি উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও পাহাড়ি অঞ্চলের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সম্প্রীতি কামনা করে বিশেষ প্রার্থনা ও মোনাজাত করা হয়। স্থানীয় এলাকাবাসী এই বৌদ্ধ বিহার নির্মাণকাজের উদ্বোধন করায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আরও পড়ুন