ঘাটাইলে আলোকের বিনামূল্যের স্বাস্থ্যসেবা পেলেন ৪০০ রোগী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২:১৮, ৩১ অক্টোবর ২০২৬

ঘাটাইলে আলোকের বিনামূল্যের স্বাস্থ্যসেবা পেলেন ৪০০ রোগী

টাঙ্গাইলের ঘাটাইলে প্রায় ৪০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে আলোক হেলথকেয়ার অ্যান্ড ফাউন্ডেশন হসপিটাল। গত ২৯ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার চানতারা গণ উচ্চ বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে রোগীদের বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ, ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন বয়সী রোগী স্বাস্থ্যসেবা নেন।

আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় জনগণের কাছে সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সেবাগ্রহীতাদের অনেকে চিকিৎসাসেবা, আন্তরিকতা ও সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন।

আলোক হেলথকেয়ার অ্যান্ড ফাউন্ডেশন হসপিটালের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মো. ফারুক হোসেন বলেন, স্থানীয় মানুষের কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় আগামী মাসগুলোতে ঘাটাইল ও আশপাশের এলাকায় আরও বিনামূল্যের মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন