মোস্তফা কামাল, চরভদ্রাসন (ফরিদপুর )
প্রকাশ: ২০:৪১, ৫ নভেম্বর ২০২৬
ফরিদপুরের চরভদ্রাসনে উৎসবমুখর পরিবেশে দেশব্যাপী আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা স্টেডিয়াম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই দেশব্যাপী ক্রীড়া উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান।
চরভদ্রাসন উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় পর্যায়ে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা কেবল শরীরচর্চা বা বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি শিশু-কিশোরদের মানসিক দৃঢ়তা, নিয়মানুবর্তিতা এবং নেতৃত্বের গুণাবলি অর্জনে অনন্য ভূমিকা পালন করে। তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে তৃণমূল পর্যায়ে নিয়মিত ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মতো প্ল্যাটফর্ম প্রত্যন্ত অঞ্চল থেকে আগামী দিনের জাতীয় মানের প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরি করতে সহায়ক হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সেলিম খান, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম এবং চরভদ্রাসন থানার এসআই রিপন।
এছাড়া স্থানীয় রাজনৈতিক ও সামাজিক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি প্রস্তুতি কমিটির আহ্বায়ক ওহীদুজ্জামান মোল্লা, সদস্য সচিব আব্দুল কুদ্দুস বাদশা, বিএনপির সদ্য সাবেক সভাপতি শাহজাহান শিকদার, উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর, ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, বদরুজ্জামান বদু মৃধাসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, এই আয়োজন চরভদ্রাসনের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করবে এবং স্থানীয় তরুণ ও কিশোরদের মাঝে খেলাধুলার প্রতি নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।