পাকুন্দিয়ায় অটোরিকশা থামিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:৩৬, ৪ নভেম্বর ২০২৬

পাকুন্দিয়ায় অটোরিকশা থামিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, পলাতক আসামি গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চলন্ত অটোরিকশার গতিরোধ করে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও স্বর্ণালংকার লুটের ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি বাবু (২০) গ্রেপ্তার হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের বাঁশবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪-এর কিশোরগঞ্জের সিপিসি-২ ও এসআরবি-২-এর মোহাম্মদপুর ঢাকার যৌথ আভিযানিক দল।

গ্রেপ্তার বাবু কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানায় দায়ের করা সংঘবদ্ধ ধর্ষণ মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি। গত ৮ অক্টোবর দায়ের করা মামলাটির ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৩)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ৩০ বছর বয়সী ওই নারী তালাকপ্রাপ্ত। তিনি আগে বিদেশে ছিলেন। গত ৬ অক্টোবর সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে পাকুন্দিয়া বাজার থেকে অটোরিকশায় করে ভাড়া বাসায় ফিরছিলেন তিনি। পথে সৈয়দগাঁও ফায়ার সার্ভিসের কাছে পৌঁছালে আসামিরা অটোরিকশার গতিরোধ করে তাঁকে জোরপূর্বক নামিয়ে নেয়। পরে একটি নির্জন ছাপড়া ঘরের নিচে নিয়ে গিয়ে রাজা (২৭), বিজয় (২৩) ও বাবু পর্যায়ক্রমে তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় ভুক্তভোগীর স্বর্ণালংকার লুট করে তাঁকে হুমকি দিয়ে পালিয়ে যান আসামিরা।

এসআরবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে যৌথ আভিযানিক দল রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বাঁশবাড়ি এলাকায় অভিযান চালিয়ে বাবুকে গ্রেপ্তার করে। পরে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে তাঁকে হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন