কবিরাজির নামে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, কবিরাজ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:১৮, ৪ নভেম্বর ২০২৬

কবিরাজির নামে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, কবিরাজ গ্রেপ্তার

পটুয়াখালীর কলাপাড়ায় কবিরাজির নামে চিকিৎসার আড়ালে এক কিশোরীর সঙ্গে অনৈতিক শারীরিক সম্পর্ক স্থাপন এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মোঃ তাইজুল ইসলাম মুসা (৪০) নামের এক কবিরাজকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার টিয়াখালী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে এসআরবি-৮-এর সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেপ্তার তাইজুল ইসলাম মুসা পটুয়াখালীর মহিপুর থানার মনসাতলী গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আব্দুর রাজ্জাক মোল্লা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শারীরিক অসুস্থতার কারণে ভুক্তভোগী কিশোরী লোকমুখে জানতে পারে, তাইজুল ইসলাম মুসা একজন বড় মাপের কবিরাজ। তাঁর কাছ থেকে চিকিৎসা নিলে সুস্থ হওয়া সম্ভব। এরপর চিকিৎসার জন্য তাঁর কাছে যায় কিশোরী। অভিযোগ রয়েছে, চিকিৎসার আড়ালে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন তাইজুল। এ সময় তাঁর সহযোগীদের সহায়তায় ওই ঘটনাগুলোর ভিডিও ধারণ করে রাখা হয়।

পরবর্তী সময়ে কিশোরীর বাবা বিষয়টি জানতে পেরে অভিযুক্তকে তাঁর মেয়েকে বিয়ে করার অনুরোধ জানান। তবে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান। পরে অভিযুক্ত ও তাঁর সহযোগীরা ধারণ করা ভিডিওগুলো বিভিন্ন ব্যক্তির মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেন বলে অভিযোগ করা হয়েছে। এতে কিশোরী ও তাঁর পরিবার সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে পটুয়াখালীর কলাপাড়া থানায় মামলা করেন। মামলার পর থেকে প্রধান অভিযুক্ত তাইজুল ইসলাম মুসা পলাতক ছিলেন।

এসআরবি-৮-এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন