এবার ইরানের স্থলপথের বাণিজ্য সীমিত করতে চায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩:৩৫, ৭ নভেম্বর ২০২৬

এবার ইরানের স্থলপথের বাণিজ্য সীমিত করতে চায় যুক্তরাষ্ট্র

ইরানের ওপর কয়েক মাস ধরে নৌ অবরোধ চালানোর পর এবার দেশটির স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র এবং নিষেধাজ্ঞার আওতাভুক্ত পণ্য পরিবহন সীমিত করতে নতুন উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

এ লক্ষ্যে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করছে ওয়াশিংটন। ‘টাস্কফোর্স আয়রন গেট’ নামের এই বাহিনী ইরানের উন্নত অস্ত্রব্যবস্থা ও অন্যান্য নিষেধাজ্ঞাভুক্ত পণ্যের চলাচল নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে আরও জোরদার করবে।

বার্তা সংস্থা রয়টার্সের দেখা একটি বিবৃতি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) আনুষ্ঠানিকভাবে এই টাস্কফোর্স গঠনের ঘোষণা দেবে।

ফ্লোরিডার টাম্পায় টাস্কফোর্সটির সদর দপ্তর হবে। এটি যুক্তরাষ্ট্রের অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে। অস্ত্র পরিবহন ছাড়াও দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য এবং অবৈধ আয়ের উৎস নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেবে এই টাস্কফোর্স।

সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে সেন্টকমের সহযোগিতা জোরদার হলে সন্ত্রাসবাদে অর্থায়ন, অস্ত্র কারখানা পুনর্গঠন এবং সামরিক সরঞ্জামের মজুত পূরণের ক্ষেত্রে ইরানের সক্ষমতা আরও সীমিত হবে।

সেন্টকমের হিসাব অনুযায়ী, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে দেশটি ২৫ বিলিয়ন ডলারের বেশি অপরিশোধিত তেল রপ্তানি করতে পারেনি।

সূত্র: রয়টার্স

আরও পড়ুন