নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:০৮, ৭ নভেম্বর ২০২৬
শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহর অভিযোগ, বিএনপি একদিকে ৭ নভেম্বরকে বিপ্লবের দিন হিসেবে তুলে ধরছে, অন্যদিকে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান নিয়ে নেতিবাচক মন্তব্য করছে। তাঁর মতে, চব্বিশের গণ-অভ্যুত্থানের কৃতিত্ব এককভাবে নিজেদের করে নিতে না পারার হতাশা থেকেই দলটির এমন অবস্থান তৈরি হয়েছে।
বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগের অপরাধের বিচার ও জবাবদিহি নিশ্চিত করার পরিবর্তে তাদের পুনর্বাসনের বিষয়টি আলোচনায় আসছে। বিএনপির রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি দলটিকে ‘ব্যর্থ আওয়ামী লীগ’ এবং আওয়ামী লীগকে ‘সফল আওয়ামী লীগ’ বলে আখ্যা দেন।
দেশের তরুণ প্রজন্মের জন্য কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন এনসিপির এই নেতা। তাঁর ভাষ্য, নতুন প্রজন্মকে একটি ওয়েলফেয়ার স্টেট উপহার দিতে ব্যর্থ হলে কোনো পক্ষই ঐতিহাসিক দায় এড়াতে পারবে না।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, বিএনপি সরকার তা ব্যাহত করেছে বলেও অভিযোগ করেন হাসনাত। দেশের বর্তমান পরিস্থিতি বোঝাতে তিনি বাংলাদেশকে ফিটনেসবিহীন গাড়ির সঙ্গে তুলনা করেন। তাঁর বক্তব্য, গাড়িটি মেরামতের পর চালকের আসনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বসানোর প্রত্যাশা ছিল। কিন্তু প্রয়োজনীয় সংস্কারের আগেই তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ সময় দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। হাসনাত বলেন, বাজার পরিস্থিতি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নেই, পাশাপাশি অর্থনীতিতে বিনিয়োগের ঘাটতি রয়েছে। ভবিষ্যতে এসব বিষয়ে জবাবদিহির মুখোমুখি হতে না চাইলে এখনই সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।