গ্রেফতারি পরোয়ানা জারির পরদিনই জামিন নিতে আদালতে পরীমনি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৫১, ৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:৫৯, ৫ নভেম্বর ২০২৬

গ্রেফতারি পরোয়ানা জারির পরদিনই জামিন নিতে আদালতে পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় জামিন নিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে গেছেন চিত্রনায়িকা পরীমনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন তিনি।

এর আগে বুধবার (৪ নভেম্বর) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর ভারপ্রাপ্ত বিচারক মাহফুজুর রহমান পরীমনির জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। ওই দিন মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি পরীমনি। তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী আদালতে সময়ের আবেদন করেন। আবেদনে বলা হয়, অ্যালার্জিজনিত অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি পরীমণি।

তবে বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল ওই আবেদনের বিরোধিতা করেন। তিনি অভিযোগ করেন, পরীমনি ইচ্ছাকৃতভাবে আদালতে হাজির না হয়ে বারবার সময়ের আবেদন করছেন। পরে আদালত সময়ের আবেদন নাকচ করে তার জামিন বাতিল এবং গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। একই সঙ্গে আগামী ২৩ ডিসেম্বর মামলার সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেন।

বুধবার পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী জানিয়েছিলেন, বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন তার মক্কেল। জামিন পাওয়ার ব্যাপারে আশাবাদী বলেও জানান তিনি।

 

প্রসঙ্গত, ২০২২ সালের ৬ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি করেন। অভিযোগে বলা হয়, ওই দিন ঢাকার বোট ক্লাবে বাদানুবাদের একপর্যায়ে পরীমনি তাকে সার্ভিং গ্লাস ও মোবাইল ফোন ছুড়ে মারেন। এতে তিনি আহত হন বলে দাবি করেন নাসির। 

আরও পড়ুন