পরীমণির সাংবাদিক হেনস্তার ঘটনায় নিন্দা জানালেন শিবা শানু

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২:৪৪, ৬ নভেম্বর ২০২৬

পরীমণির সাংবাদিক হেনস্তার ঘটনায় নিন্দা জানালেন শিবা শানু

 

আদালত প্রাঙ্গণে চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে এক সাংবাদিককে হেনস্তা ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগের ঘটনায় নিন্দা ও অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি এবং বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক শিবা শানু।

তিনি বলেন, সাংবাদিকদের গায়ে হাত তোলার ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। একজন শিল্পী কিংবা সাধারণ মানুষ—কারও কাছ থেকেই এমন আচরণ প্রত্যাশিত নয়। পেশাদার শিল্পীর কাছ থেকে এ ধরনের কর্মকাণ্ড গ্রহণযোগ্য হতে পারে না।

শিবা শানু আরও বলেন, এ ধরনের ঘটনায় পুরো শিল্পী সমাজের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। শিল্পী সমিতির সভাপতি হিসেবে তিনি চান না, সমিতির কোনো সদস্য এমন ঘটনার সঙ্গে জড়িত হোক কিংবা এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হোক।

ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, সাংবাদিক ও শিল্পীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় থাকা জরুরি। দুই পেশার মানুষের মধ্যে সুসম্পর্ক অটুট রেখে একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করেন তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৫ নভেম্বর) নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় আত্মসমর্পণ করে জামিন নিতে আদালতে যান চিত্রনায়িকা পরীমণি। সকাল সাড়ে ৯টার দিকে আদালত প্রাঙ্গণে পৌঁছানোর পর সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।

এ সময় দৈনিক সমকালের মাল্টিমিডিয়া সাংবাদিক রবিউল হোসাইন রাজুর সঙ্গে পরীমণির বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে অভিনেত্রীর বিরুদ্ধে।

এ ঘটনায় পরীমণির পাশাপাশি তার সঙ্গে থাকা বাউন্সার দলের সদস্যদের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। সাংবাদিকদের ওপর শারীরিকভাবে হামলার অভিযোগের পাশাপাশি সুজন চন্দ্র নামে এক বিচারপ্রার্থীর মাথা ফাটানোর অভিযোগও পাওয়া গেছে।

ঘটনাটি নিয়ে সাংবাদিক ও চলচ্চিত্র অঙ্গনে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

আরও পড়ুন