বিনোদন ডেস্ক
প্রকাশ: ২১:১০, ৮ নভেম্বর ২০২৬
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবিগুলো প্রকাশ করেন পূর্ণিমা। সেখানে তাঁকে দেখা যায় কমলা ও খয়েরি আভাযুক্ত নকশাদার শাড়িতে। শাড়ির জমিনে সোনালি কারুকাজ এবং নান্দনিক পাড় তাঁর সাজে যোগ করেছে বাড়তি আভিজাত্য।
পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে বেছে নিয়েছেন ভারী সোনালি গয়না। গলায় একাধিক স্তরের হার, কানে ঝুমকা ও হাতে বালা সব মিলিয়ে তাঁর সাজে ফুটে উঠেছে ঐতিহ্যবাহী ফ্যাশনের ছাপ। পরিপাটি করে বাঁধা চুলের সঙ্গে সামনের কিছু খোলা চুল, কপালের ছোট টিপ এবং মানানসই মেকআপ তাঁর উপস্থিতিকে করেছে আরও আকর্ষণীয়।
ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘ঐতিহ্যের ছোঁয়ায়, আভিজাত্যের আবরণে, আর প্রিয় রঙের মায়ায় উদ্ভাসিত।’ প্রকাশের পরপরই ছবিগুলোতে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন ভক্তরা। কেউ তাঁর সৌন্দর্যের প্রশংসা করেছেন, আবার কেউ মন্তব্য করেছেন, সময়ের সঙ্গে পূর্ণিমার সৌন্দর্য যেন আরও বেড়েছে।
উল্লেখ্য, ১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পূর্ণিমার। তখন তিনি নবম শ্রেণির শিক্ষার্থী। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি তাঁর ফ্যাশন ও ব্যক্তিত্ব নিয়েও ভক্তদের আগ্রহ বরাবরই চোখে পড়ার মতো।