নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২:৫৪, ৮ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস ও আশপাশের এলাকায় পরপর ছয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। আটকের আগে দুই ব্যক্তিকে মারধর করেন শিক্ষার্থী ও স্থানীয় লোকজন। এ সময় আটক একজনকে কাঁদতে কাঁদতে বলতে শোনা যায়, ‘আমি বিএনপি করি ভাই’। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেন শিক্ষার্থী ও উপস্থিত লোকজন। পরে তাদের মারধর করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় আরও একজনকে আটক করে পুলিশ।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান গণমাধ্যমকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের পরপরই দুজনকে আটক করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিয়ে যান। পরে পুলিশকে খবর দেওয়া হলে তাদের হেফাজতে নেওয়া হয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।
তবে বিস্ফোরণের ঘটনায় আটক ব্যক্তিদের সংশ্লিষ্টতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।