কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের অভিযানে ২৮ জন গ্রেপ্তার

রিয়াজ উদ্দিন, কক্সবাজার:

প্রকাশ: ০০:১৪, ৯ নভেম্বর ২০২৬

কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের অভিযানে ২৮ জন গ্রেপ্তার

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ১৩ জন মাদকসেবী, ৯ জন ধর্তব্য অপরাধে অভিযুক্ত এবং ৬ জন বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি। এ ছাড়া অভিযানে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করা হয়েছে। একই সময়ে সাতটি মোটরসাইকেল জব্দ, ১৩টি মোটরসাইকেল মামলা এবং ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ৭ নভেম্বর দুপুর থেকে ৮ নভেম্বর দুপুর পর্যন্ত কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে চোর-ছিনতাইকারীসহ অপরাধীদের গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোট ২৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ১৩ মাদকসেবী হলেন—মো. মমিন (১৯), দিলদার মিয়া (৪০), মো. শাহীন আক্তার (২৮), আফসার মিয়া (৪৫), রেজাউল করিম (২৫), মো. আশিক (২১), রবিউল আলম (২৯), আয়াতুল্লাহ (২৬), সৈয়দ আলম প্রকাশ আরজু (২৫), জাহেদ (৪০), আব্দুল গফুর (২৯), আল ফয়সাল সাইমন (২৫) ও রাফিজ (২১)।
ধর্তব্য অপরাধে গ্রেপ্তার ৯ জন হলেন—মোবারক হোসেন প্রকাশ ব্রিটিশ ওরফে ফারুক (২৭), মো. আলম (৩২), মো. শামীম মিয়া (২৭), মো. সাজ্জাদ হোসেন রানা (২৩), মোজাম্মেল হোসেন অপু (২৮), মো. রুবেল (২৪), রেজাউল (২২), মঞ্জুর (১৯) ও আয়াস মিয়া (২০)।

এ ছাড়া বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন—মিন বাবুল, মিজানুর রহমান মিজান (১৮), আয়েছুর রহমান প্রকাশ আয়েজ, ইব্রাহিম (২৪), মুন্না (২৮) ও মো. হেলাল (৩০)। তাঁদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা ও সাজা-সংক্রান্ত পরোয়ানা রয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বের মামলা ও সাধারণ ডায়েরির (জিডি) তথ্য রয়েছে। তাঁদের মধ্যে মোবারক হোসেন প্রকাশ ব্রিটিশ ওরফে ফারুকের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র আইন, চুরি এবং অন্যান্য অভিযোগে একাধিক মামলা রয়েছে। এ ছাড়া দিলদার মিয়া, আব্দুল গফুর, সাজ্জাদ হোসেন রানা ও মোজাম্মেল হোসেন অপুর বিরুদ্ধেও পূর্বের মামলা বা জিডির তথ্য উল্লেখ করেছে পুলিশ।
অভিযানের পাশাপাশি কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রাফিক আইন ও মোটরসাইকেল-সংক্রান্ত অপরাধে সাতটি মোটরসাইকেল আটক, ১৩টি মামলা এবং ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে অপরাধ নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন