এম সনজু আহমেদ চুয়াডাঙ্গা প্রতিনিধি:
প্রকাশ: ২১:২৪, ৮ নভেম্বর ২০২৬
রোববার (৮ নভেম্বর) সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে মাসিক আইন-শৃঙ্খলা ও অন্যান্য সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জেলার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারে জেলা পুলিশের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত উদ্যোগ ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে, জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৬ উপলক্ষে ‘নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান-টেকসই উন্নয়ন ও পরিকল্পনার ভিত্তি’ প্রতিপাদ্যে বেলা ১২টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় নির্ভরযোগ্য পরিসংখ্যানের গুরুত্ব, তথ্যভিত্তিক পরিকল্পনা প্রণয়ন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিসংখ্যানের কার্যকর ব্যবহারের বিষয়টি তুলে ধরা হয়।
অন্যদিকে, ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে বেলা ১টায় চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য র্যালি ও সমবায় মেলার উদ্বোধন করা হয়। এ কর্মসূচিতে সমবায়ের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, নতুন উদ্যোক্তা তৈরি এবং সমবায়ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরা হয়।
দিনব্যাপী এসব কর্মসূচিতে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।