নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩:৫২, ৯ নভেম্বর ২০২৬
সোমবার (৯ নভেম্বর) বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে পল্লবী থানার মিরপুর সাড়ে ১১ নম্বর পোস্ট অফিসের সামনে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বাসে অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
এর আগে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। একই সময় শিল্পাঞ্চল থানার সাউথইস্ট ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়।
সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান এসব ঘটনার তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
এদিকে, সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটসংলগ্ন পার্কিং এলাকায় দুটি বাসের মাঝখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যরা রেজওয়ান আহমেদ নামে এক ব্যক্তিকে আটক করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়েছে।
অন্যদিকে, ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
রাজধানীর বাঙলা কলেজ ক্যাম্পাসের ফটকেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সঙ্গে ফটকের পাশের কয়েকটি দোকানে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার কাছ থেকে ককটেলভর্তি একটি ব্যাগ উদ্ধার করা হয়।
মগবাজার ফ্লাইওভারে পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় ককটেলসহ চারজনকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ। সোমবার রাতে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
এ ছাড়া মালিবাগ মোড়, মগবাজার মোড়, আদাবরের টোকিও স্কয়ারের সামনে, যাত্রাবাড়ী এবং গেণ্ডারিয়ার দয়াগঞ্জ ব্রিজের নিচেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ সূত্র।