নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৩:০৯, ৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২৩:১০, ৯ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকায় দুটি ঝুটের মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত ৯টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এবং পাশের একটি বাড়ি জানালা গ্লাস আগুনে ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পাওয়ার প্রায় ২০ মিনিট পর ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের আরও একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয়।
এ সময় স্থানীয় বাসিন্দারাও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতা করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় বাসিন্দাদের ধারণা, অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে প্রায় ৫০ থেকে ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হলেও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের কেউ কেউ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।