৪ ঘণ্টা বিদ্যুৎহীন কবি নজরুল কলেজ কেন্দ্রে মোমবাতির আলোয় পরীক্ষা

সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি :

প্রকাশ: ২৩:৪৬, ৯ নভেম্বর ২০২৬

৪ ঘণ্টা বিদ্যুৎহীন কবি নজরুল কলেজ কেন্দ্রে মোমবাতির আলোয় পরীক্ষা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের পরীক্ষা চলাকালে বিদ্যুৎহীন অবস্থায় অন্ধকার ও অসহনীয় গরমের মধ্যে পরীক্ষা দিতে হয়েছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের। কবি নজরুল সরকারি কলেজ কেন্দ্রে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে প্রশ্নপত্র পড়া ও উত্তর লিখতে চরম ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থীরা। পরে বিকল্প আলোর ব্যবস্থা হিসেবে মোমবাতি সরবরাহ করা হলে সেটির আলোতেই পরীক্ষা সম্পন্ন করেন তারা।

সোমবার (৯ নভেম্বর) কবি নজরুল সরকারি কলেজ কেন্দ্রে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের কয়েকটি বিভাগের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। এতে চরম ভোগান্তিতে পড়েন সোহরাওয়ার্দী কলেজের পরীক্ষার্থীরা।

ভুক্তভোগী সোহরাওয়ার্দী কলেজের  অর্থনীতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হাফিজ বলেন, আজকে কবি নজরুল কলেজে পরীক্ষা দিতে গিয়ে প্রথমেই দেখি বিদ্যুৎ নেই। আমাদের মাইক্রোইকোনমিকস পরীক্ষা ছিল। প্রথমে ভেবেছিলাম কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ চলে আসবে। কিন্তু সময় গড়াতে থাকলেও বিদ্যুৎ আসেনি।

তিনি আরও বলেন, দুপুরের প্রচণ্ড গরমে আমাদের খুব কষ্ট হচ্ছিল। শিক্ষকদের বিষয়টি জানালেও তারাও কিছু করতে পারছিলেন না। কক্ষের ভেতরে এতটাই অন্ধকার ছিল যে প্রশ্নপত্র ঠিকমতো পড়তেও সমস্যা হচ্ছিল। যাদের চোখের পাওয়ারের সমস্যা রয়েছে, তাদের ভোগান্তি আরও বেশি হয়েছে। অন্ধকারে পড়তে গিয়ে মাথাব্যথাও শুরু হয়। প্রায় তিন ঘণ্টা পর আমাদের জন্য মোমবাতির ব্যবস্থা করা হয়। শেষ পর্যন্ত মোমবাতির ক্ষীণ আলোতেই উত্তর লিখতে হয়েছে।

একই পরীক্ষায় অংশ নেওয়া অর্থনীতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সামিয়া বলেন, পরীক্ষা শুরুর সময় থেকেই বিদ্যুৎ ছিল না। আমার আসন পেছনের দিকে হওয়ায় অন্ধকারে কিছুই দেখতে পারছিলাম না। বিষয়টি শিক্ষককে জানালে তিনি বলেন, “আমি উপরের শিক্ষকদের জানিয়েছি, আর কী করতে পারি।”’

সামিয়া আরও বলেন, দুপুর ১টা ৩০ মিনিটের দিকে পরিস্থিতি এমন হয় যে কিছুই ভালোভাবে দেখতে পারছিলাম না। এমনকি ক্যালকুলেটরে গাণিতিক হিসাব করতেও সমস্যা হচ্ছিল। পরে পরীক্ষার্থীরা বারবার শিক্ষকদের জানালে একপর্যায়ে তিনি ফোনের লাইট জ্বালিয়ে দেন। কিন্তু তাতেও পর্যাপ্ত আলো পাওয়া যাচ্ছিল না এবং শেষে মোমবাতি আনা হয়। একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে কিছুই ঠিকমতো দেখা যাচ্ছিল না। সব মিলিয়ে পরীক্ষার হলে পরিস্থিতি আমাদের প্রতিকূলে ছিল।

সমাজকর্ম বিভাগের এক শিক্ষার্থী বলেন, পরীক্ষা শুরুর আগে থেকে বিদ্যু ছিল না। এমনকি শেষ অবধি বিদ্যুতের আলোহীন পরীক্ষা দিতে হয়েছে। এতে আলোক স্বল্পতার কারণে একদিকে লিখতে ও দেখতে প্রচুর সমস্যা হচ্ছিল। অন্যদিকে ঘেমে একাকার হচ্ছিলাম। বিদ্যুৎ বিভ্রাট অবস্থা এড়াতে ফাইনাল পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার বিকল্প ব্যবস্থা রাখা উচিত।

শিক্ষার্থীদের দাবি, পরীক্ষাকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের বিদ্যুৎ বিভ্রাট মোকাবিলায় আগাম বিকল্প আলোর ব্যবস্থা রাখতে হবে। যাতে ভবিষ্যতে পরীক্ষার্থীদের এমন ভোগান্তিতে পড়তে না হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন