বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ২১:৫৭, ৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৫৮, ৯ নভেম্বর ২০২৬
জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আইন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে চার দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।
আজ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জসিম উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খন্দকার তাহমিনা নিষাদ এলিন, আইন বিভাগের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ইমামুনুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার ও সহকারী অধ্যাপক মো. সাইফুজ জামান, মনোয়ারা সিকদার হলের প্রভোস্ট ও আইন বিভাগের সহকারী অধ্যাপক শাকিলা সুলতানা স্মৃতি, ইসরাত জাহান, তানভীর আহমেদ ও নাফিয়া সুলতানা নিতু।
উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ড. জসিম উদ্দিন বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা, শৃঙ্খলাবোধ ও দলগত মনোভাব গড়ে তুলতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সহশিক্ষামূলক কর্মকাণ্ডে অংশ নিতে শিক্ষার্থীদের আহ্বান জানান।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ‘দ্য লিগ্যাল ঈগলস’ ও ‘জুরিস্ট এম্পায়ার’। দ্য লিগ্যাল ঈগলস দলের অধিনায়ক ছিলেন আইন বিভাগের ২৯তম ব্যাচের শিক্ষার্থী মো. শিহাব। অন্যদিকে জুরিস্ট এম্পায়ার দলের নেতৃত্ব দেন একই ব্যাচের শিক্ষার্থী রাব্বি খালাশি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে দ্য লিগ্যাল ঈগলস জয়লাভ করে।
ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল করিম ও প্রভাষক অলিউল ইসলাম।
চার দিনব্যাপী এ টুর্নামেন্টে আইন বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান ও খেলা প্রাণবন্ত হয়ে ওঠে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সহশিক্ষামূলক কার্যক্রমকে আরও গতিশীল করবে।