৪ দফা দাবীতে সাত কলেজের কর্মচারীদের মানববন্ধন

সাত কলেজ

প্রকাশ: ২২:৩৬, ৯ নভেম্বর ২০২৬

৪ দফা দাবীতে সাত কলেজের কর্মচারীদের মানববন্ধন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত সরকারি সাত কলেজের বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্তিসহ চার দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (০৯-১১-২০২৬) সকালে ঢাকা কলেজের মূল ফটকের সামনে সরকারি সাত কলেজের বেসরকারি কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাত কলেজের বেসরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে বৈষম্য ও চাকরির অনিশ্চয়তার মধ্যে দায়িত্ব পালন করছেন। তাদের চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা হলে কর্মসংস্থানের নিরাপত্তা নিশ্চিত হবে এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্মচারী ঐক্য পরিষদ আন্দোলনের আহ্বায়ক মো. দুলাল সর্দার বলেন, সরকারি কলেজে কর্মরত হয়েও তাদের বেসরকারি কর্মচারী হিসেবে কাজ করতে হচ্ছে। কলেজের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা, শিক্ষা কার্যক্রম সচল রাখা এবং পরীক্ষাসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বেসরকারি কর্মচারীরা প্রধান ভূমিকা রাখছেন। কলেজের ভালো ফলাফল ও সুনামের পেছনেও তাদের অবদান রয়েছে।

তিনি বলেন, বর্তমানে একজন বেসরকারি কর্মচারী মাসে মাত্র ৮ থেকে ১০ হাজার টাকা বেতন পান। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এই সামান্য বেতনে পরিবার নিয়ে জীবনযাপন করা অত্যন্ত কঠিন। তাদের সেবায় এই কলেজ থেকে অনেক চিকিৎসক, প্রকৌশলী, মন্ত্রী ও সচিব তৈরি হয়েছেন। অথচ তাদের পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়ে দুলাল সর্দার বলেন, তাদের চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করতে হবে। তা সম্ভব না হলে ঘোষিত পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা নিশ্চিত করতে হবে। অন্যথায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে সাত কলেজের সব বেসরকারি কর্মচারীকে অন্তর্ভুক্ত করে চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আত্মীকরণ কিংবা জাতীয়করণ—যেভাবেই হোক, তাদের বেঁচে থাকার মতো ব্যবস্থা করতে হবে।

মানববন্ধনে কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে চার দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো, সরকারি সাত কলেজের সব কর্মরত বেসরকারি কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তর, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাঠামোর আওতায় তাদের অন্তর্ভুক্ত করা, রাজস্ব খাতে অন্তর্ভুক্ত না করা পর্যন্ত প্রধানমন্ত্রীর ঘোষিত জাতীয় পে-স্কেল ২০২৬ অনুযায়ী বেতন-ভাতা প্রদান এবং কর্মরত সাত কলেজের সব কর্মচারীর ছাঁটাই বন্ধ করা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন