ডিআইইউ প্রতিনিধি
প্রকাশ: ২৩:১৫, ৯ নভেম্বর ২০২৬
সোমবার (০৯ নভেম্বর) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২ ও ৩ নম্বর ছাত্রী হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় দুই সপ্তাহ ধরে বিদ্যুৎ না থাকায় তাঁদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। বিশেষ করে সামনে ফাইনাল পরীক্ষা থাকায় পড়াশোনা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা। রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় পড়াশোনায় বিঘ্ন ঘটছে। পাশাপাশি গরম ও মশার উপদ্রবে দুর্বিষহ হয়ে উঠেছে হলের পরিবেশ।
শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, ট্রান্সফরমার বিকল হওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিষয়টি দীর্ঘদিন ধরে চলমান থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া ছাড়া দৃশ্যমান কোনো বিকল্প ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের।
এ বিষয়ে ২ ও ৩ নম্বর হলের হল টিউটর রোকেয়া পারভীন দিবা বলেন, “আমি ছাত্রীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি এবং তাঁদের কাছ থেকে পরিস্থিতির খোঁজখবর নিচ্ছি। আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব, শিক্ষার্থীদের সহযোগিতা করার চেষ্টা করছি। আমিও চাই, দ্রুত সমস্যাটির সমাধান হোক। কারণ, দীর্ঘদিন বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনযাপন, পড়াশোনা এবং বিশেষ করে আসন্ন পরীক্ষার প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি শুধু শিক্ষার্থীদের ব্যক্তিগত ভোগান্তির বিষয় নয়; এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তিও জড়িত। বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্যারের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি আগামীকাল বিকেল ৫টায় সমস্যাটি সমাধানের বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছেন।”
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের ২ ও ৩ নম্বর গার্লস হলের বিদ্যুৎ সমস্যার বিষয়ে আমি সম্পূর্ণ অবগত আছি। এ সমস্যা সমাধানের বিষয়ে গত কয়েক দিন ধরে হল মালিকদের সঙ্গে একাধিকবার কথা বলেছি। তাঁরা আমাকে আশ্বস্ত করেছেন যে, আগামী দু-এক দিনের মধ্যেই সমস্যার সমাধান করা সম্ভব হবে। তবে সংশ্লিষ্ট এলাকায় একটি গার্মেন্টস কারখানা থাকায় বিদ্যুৎ সমস্যাটি আরও প্রকট হয়েছে। মূলত বিদ্যুৎ লাইনে অতিরিক্ত চাপ পড়ায় লাইনটি প্রয়োজনীয় লোড নিতে পারছে না। এ কারণে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সমস্যা হচ্ছে। আশা করছি, সংশ্লিষ্টদের উদ্যোগে খুব দ্রুত এ সমস্যার নিরসন হবে এবং হল দুটিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে।”
এদিকে, ভুক্তভোগী শিক্ষার্থীরা দ্রুত বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের পাশাপাশি অন্তত বিকল্প ব্যবস্থা হিসেবে জেনারেটর সরবরাহের দাবি জানিয়েছেন। তাঁদের অভিযোগ, দীর্ঘ দুই সপ্তাহ ধরে এমন পরিস্থিতি চললেও ভোগান্তি নিরসনে কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না। তাঁদের দাবি, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জরুরি ভিত্তিতে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে আবাসিক শিক্ষার্থীরা নিরাপদ ও স্বাভাবিক পরিবেশে বসবাস এবং পড়াশোনা চালিয়ে যেতে পারেন।
তবে দীর্ঘদিন ধরে চলমান এ বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধান চান আবাসিক শিক্ষার্থীরা। তাঁদের প্রত্যাশা, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে এবং স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত বিকল্প বিদ্যুৎ ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে। এখন দেখার বিষয়, প্রশাসনের আশ্বাস অনুযায়ী আগামী দু-এক দিনের মধ্যে সমস্যার সমাধান হয় কি না।