আদনান তালুকদার,কুয়েট প্রতিনিধি
প্রকাশ: ২১:৫৬, ৮ নভেম্বর ২০২৬
QS Asia University Rankings 2027-এ ৪৪ ধাপ এগিয়ে এশিয়ায় ৩৭০তম অবস্থান অর্জন করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (KUET)। পাশাপাশি শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যার ভিত্তিতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি।
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক র্যাঙ্কিং সংস্থা Quacquarelli Symonds (QS) গত ৩ নভেম্বর QS World University Rankings: Asia 2027 প্রকাশ করে। এবারের তালিকায় এশিয়ার ২৬টি শিক্ষাব্যবস্থার ১ হাজার ৭২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী, ২০২৬ সালে KUET-এর অবস্থান ছিল ৪১৪তম। এক বছরের ব্যবধানে ৪৪ ধাপ এগিয়ে ২০২৭ সালে বিশ্ববিদ্যালয়টি ৩৭০তম অবস্থানে উঠে এসেছে।
গবেষণার প্রভাবের ক্ষেত্রেও উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে KUET। Citations per Paper সূচকে বিশ্ববিদ্যালয়টির স্কোর ৭২.২, যা বাংলাদেশি প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এ সূচকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (BUET) স্কোর ৫৭.০।
অন্যদিকে, Papers per Faculty বা শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যার সূচকে KUET-এর স্কোর ৩৬.৫। এ সূচকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি। তালিকায় প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে BUET ও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়।
QS-এর মূল্যায়ন পদ্ধতিতে গবেষণা ও উদ্ভাবন সামগ্রিক র্যাঙ্কিংয়ের ৪৫ শতাংশ। এর মধ্যে Academic Reputation ৩০ শতাংশ, Citations per Paper ১০ শতাংশ এবং Papers per Faculty ৫ শতাংশ গুরুত্ব বহন করে।
সামগ্রিক র্যাঙ্কিংয়ের পাশাপাশি গবেষণার উৎপাদনশীলতা ও প্রভাবের সূচকে KUET-এর এই অবস্থান বিশ্ববিদ্যালয়টির গবেষণাক্ষেত্রে অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছে।