ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: ১৩:২৪, ৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৩:২৬, ৮ নভেম্বর ২০২৬
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের উত্তমপুর এলাকায় অভিযান চালিয়ে নুরন্নবী (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। উত্তমপুরে মেসার্স বড়ইয়া ব্রিকসের পূর্ব পাশের কাঁচা রাস্তা থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মৃত আব্দুস সবুর ও শিরিন বেগমের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
অপরদিকে, শনিবার বিকেল সাড়ে ৫টায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদর পৌরসভার ৩নং ওয়ার্ডের জেলেপাড়া এলাকায় অভিযান চালায়। এসআই মো. আলমগীর হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে চালানো ওই অভিযানে পূর্ব চাঁদকাঠির বাসিন্দা মো. জহির উদ্দিন ইব্রাহিম সাব্বির ওরফে প্রেমের (২৭) দ্বিতীয় তলা ভবনের শয়নকক্ষ থেকে ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়। তারা হলেন- মো. জহির উদ্দিন ইব্রাহিম সাব্বির ওরফে প্রেম (২৭) ও আকাশ হাওলাদার ওরফে নজির আহমেদ (২৭)।
এ ঘটনায় এসআই আলমগীর হোসেন বাদী হয়ে আটক দুজন এবং পলাতক মো. সুজন (২৩) নামে আরেক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক)/৪১ ধারায় ঝালকাঠি সদর থানায় মামলা দায়ের করেছেন।