জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ১১:৪০, ৮ নভেম্বর ২০২৬
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার ঐতিহাসিক নান্দাইলদীঘি পাড়ে নান্দাইলদীঘি কলেজ মাঠে বিটিভির অনুষ্ঠানটির চিত্রায়ণ চলে। হানিফ সংকেতের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটি দেখতে সকাল থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে দর্শকেরা আসতে শুরু করেন। স্থানীয় সূত্রের হিসাবে, দর্শক সমাগম হয়েছিল প্রায় ১০ হাজার।
এত বড় আয়োজন ঘিরে নিরাপত্তায় পুলিশ, গোয়েন্দা সংস্থা, স্কাউট ও স্থানীয় স্বেচ্ছাসেবকসহ কয়েক শতাধিক সদস্য দায়িত্ব পালন করেন। কিন্তু দর্শকদের প্রচণ্ড ভিড়ের মধ্যে সুযোগ নেয় চোর ও পকেটমার চক্র। অনুষ্ঠান উপভোগে ব্যস্ত থাকা মানুষের পকেট ও ব্যাগ থেকে মোবাইল ফোন সরিয়ে নেওয়া হয়। পরে ফোন হারানোর বিষয়টি বুঝতে পারেন অনেকে।
ঘটনার পর ভুক্তভোগীদের অনেকে কালাই থানায় গিয়ে মৌখিক অভিযোগ করেন। পুলিশের তথ্য অনুযায়ী, প্রায় ৭০ থেকে ৮০ জন সরাসরি থানায় এসে অভিযোগ জানিয়েছেন। চুরি হওয়া ফোনের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় গোলাম রতন (৪৭) নামে একজনকে আটক করা হয়েছে। তিনি জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকার গোলাম রব্বানীর ছেলে।
কালাই থানার ইন্সপেক্টর (তদন্ত) ইমায়েদুল জাহেদী বলেন, প্রাথমিকভাবে চুরি হওয়া মোবাইলের সংখ্যা ১৫০ থেকে ২০০টির বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মোবাইল ও টাকা চুরির অভিযোগে একজনকে হাতেনাতে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।