হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২:৫৪, ১০ নভেম্বর ২০২৬

হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যেই সমাধান করা হবে বলে জানিয়েছে ভারত। দিল্লির পক্ষ থেকে বিষয়টিকে সম্পূর্ণ আইনি বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।

ব্রিফিংয়ে এএফপির এক প্রতিনিধি জানতে চান, ভারত থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকা ও দিল্লির মধ্যে সর্বশেষ অবস্থান কী। জবাবে রণধীর জয়সওয়াল বলেন, এটি একটি আইনি বিষয় এবং সেই অনুযায়ী এর সমাধান করা হবে।

এদিকে, নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছিলেন শেখ হাসিনা। তবে ঢাকা থেকে সেই আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। এ বিষয়ে দ্য হিন্দুর এক সাংবাদিকের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, কোনো নাগরিকের নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট দেশের হাইকমিশনের এখতিয়ারভুক্ত।

পাসপোর্ট ছাড়া কোনো ব্যক্তিকে প্রত্যর্পণ করা সম্ভব কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেকোনো ধরনের ভ্রমণের জন্য ভ্রমণনথি প্রয়োজন। এটি সম্পূর্ণ একটি কারিগরি প্রক্রিয়া।

অন্যদিকে, আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে বহুল আলোচিত গঙ্গার পানি বণ্টন চুক্তির ৩০ বছর মেয়াদ। চুক্তি নবায়ন কিংবা এ বিষয়ে দুই দেশের সরকারের উচ্চপর্যায়ের বৈঠকসংক্রান্ত আলোচনার অগ্রগতি জানতে চাওয়া হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ বিষয়ে আপাতত তাদের কাছে কোনো তথ্য নেই।​

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন