মীর মশাররফের বাড়িতে সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের ঘোষণা সংস্কৃতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:২৫, ১৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:২৮, ১৩ নভেম্বর ২০২৬

মীর মশাররফের বাড়িতে সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের ঘোষণা সংস্কৃতিমন্ত্রীর

বাংলা সাহিত্যের কালজয়ী কথাসাহিত্যিক ও ‘বিষাদ-সিন্ধু’ গ্রন্থের রচয়িতা মীর মশাররফ হোসেনের পৈতৃক সম্পত্তিতে সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদীতে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে তার ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নিতাই রায় চৌধুরী বলেন, এখানে গান-বাজনা, লাইব্রেরিসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের ব্যবস্থা করা হবে। এসব উদ্যোগের মাধ্যমে বহুমুখী শিল্প-সংস্কৃতির বিকাশ ঘটবে।

তিনি বলেন, মীর মশাররফ হোসেনের বংশের কেউ এখানে নেই। তার কোনো ছেলে-মেয়ে ছিল না। তার জন্মও এখানে হয়নি, কিন্তু তার কবর এখানে রয়েছে। তাই তার পৈতৃক বাড়িতে সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হলে একটি সাংস্কৃতিক বলয় তৈরি হবে।

মন্ত্রী আরও বলেন, একসময় গ্রামীণ কৃষকদের বিনোদনের অন্যতম মাধ্যম ছিল যাত্রাপালা ও সার্কাস। এসব আয়োজন গ্রামীণ জনপদ থেকে হারিয়ে গেছে। পর্যায়ক্রমে আবারও এ ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড চালু করা হবে।

জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি নানা কর্মসূচির আয়োজন করে। সকাল সাড়ে ৯টায় পদমদীতে অবস্থিত মীর মশাররফ হোসেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। সকাল ৯টা ৪০ মিনিটে চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শন এবং সকাল ১০টায় সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন আর রশিদ এবং বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

এ সময় জেলা বিএনপি ও স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে দিনব্যাপী জন্মবার্ষিকী উপলক্ষে স্মৃতিকেন্দ্র প্রাঙ্গণে মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

প্রসঙ্গত, ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় জন্মগ্রহণ করেন মীর মশাররফ হোসেন। তিনি ঊনবিংশ শতাব্দীর বাঙালি মুসলিম সাহিত্যিকদের অন্যতম পথিকৃৎ। বাংলা সাহিত্যে কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ ও আত্মজীবনীসহ বিভিন্ন শাখায় অসামান্য অবদান রেখে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন