ডিআইইউ প্রতিনিধি:
প্রকাশ: ২২:১৩, ১৪ নভেম্বর ২০২৬
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থীদের জন্য নির্ধারিত পরিবহন বাস ‘পদ্মা’ (৬ নম্বর বাসে) বহিরাগত এক ব্যক্তির যাতায়াতকে কেন্দ্র করে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাপনা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পদ্মা (৬ নম্বর) বাসে লুঙ্গি পরিহিত ওই ব্যক্তিকে যাতায়াত করতে দেখা যায়। এ সময় বাসে থাকা নারী শিক্ষার্থীদের মধ্যে অস্বস্তি তৈরি হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রথমে ওই ব্যক্তির পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে ‘মিস্ত্রি’ বলে পরিচয় দেন। পরে তিনি বাস থেকে নেমে গেলেও বাস ছাড়ার সময় আবার উঠে সামনের দিকে নারী শিক্ষার্থীদের পাশে বসেন।
এ সময় নারী শিক্ষার্থীরা তাকে পেছনের আসনে গিয়ে বসার অনুরোধ করেন। তবে তিনি সেখানেই বসে থাকেন। সামনের মসজিদের কাছে নেমে যাবেন জানিয়ে তিনি সামনের আসনে বসে থাকেন।
এ বিষয়ে বাসচালকের কাছে ওই ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের স্টাফ কি না জানতে চাইলে চালক তাকে নিজের পরিচিত বলে উল্লেখ করেন। চালকের ভাষ্য, “আমার ভাই তবে ওই ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের স্টাফ নন" বলেও জানান চালক।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে যোগাযোগ করে ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি জানান, বিষয়টি জানলাম, এ বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত পরিবহনে বহিরাগত ব্যক্তির যাতায়াত এবং এ ঘটনায় নারী শিক্ষার্থীদের অস্বস্তির বিষয়টি নতুন করে পরিবহন ব্যবস্থাপনার নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বাসে শিক্ষার্থীদের পরিচয় যাচাই এবং বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।