প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

অপরাধ প্রতিরোধে এআই নির্ভর নজরদারি ব্যবস্থা চালু করতে চায় সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:৫১, ১৪ নভেম্বর ২০২৬

অপরাধ প্রতিরোধে এআই নির্ভর নজরদারি ব্যবস্থা চালু করতে চায় সরকার

অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে প্রযুক্তির কার্যকর ব্যবহার, পরিকল্পিত নজরদারি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অপরাধ প্রতিরোধ করতে চায় সরকার। এ লক্ষ্যে রাজধানীর মোহাম্মদপুর ও ঢাকা-১৩ সংসদীয় এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, মোহাম্মদপুর ও ঢাকা-১৩ এলাকাকে নিরাপদ ও নাগরিকবান্ধব করতে ইতোমধ্যে ১৫টি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে ৮০টি উচ্চ রেজল্যুশনের সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আগামী এক বছরের মধ্যে ক্যামেরার সংখ্যা কয়েকশতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

বসিলা চৌরাস্তা, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও আসাদগেটসহ গুরুত্বপূর্ণ সড়ক, মোড় এবং জনসমাগমস্থল এই নজরদারি নেটওয়ার্কের আওতায় এসেছে। পাশাপাশি অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করতে সংশ্লিষ্ট থানা পুলিশের তথ্যের ভিত্তিতে ক্যামেরা স্থাপন করা হয়েছে। জেনেভা ক্যাম্পের প্রবেশপথগুলোতেও বিশেষায়িত গোপন ক্যামেরা বসানো হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, এসব ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জুলাই স্মৃতি জাদুঘরে ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সহায়তা পেয়েছে।

তিনি জানান, ঢাকা-১৩ সংসদীয় এলাকাকে ৭০টি মহল্লায় ভাগ করে মহল্লাভিত্তিক কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কমিটিতে মসজিদ ও মন্দির কমিটি, মার্কেট কমিটি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করা হবে। তবে নিরাপত্তার স্বার্থে সিসিটিভি ফুটেজ সবার জন্য উন্মুক্ত করা হবে না। সংশ্লিষ্ট থানা, ট্রাফিক বিভাগ ও দায়িত্বপ্রাপ্ত মহল্লা কমিটির নির্ধারিত প্রতিনিধিরা প্রয়োজন অনুযায়ী ফুটেজ ব্যবহারের সুযোগ পাবেন।

বিপুলসংখ্যক ক্যামেরার ফুটেজ একসঙ্গে পর্যবেক্ষণ পুলিশের জন্য কঠিন হতে পারে উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, এ সমস্যা সমাধানে এআইনির্ভর প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে অস্বাভাবিক ও সন্দেহজনক কর্মকাণ্ড দ্রুত শনাক্ত করে সংশ্লিষ্ট থানা ও পুলিশ সদস্যদের কাছে সতর্কবার্তা পাঠানোর ব্যবস্থা গড়ে তোলা হবে।

মোহাম্মদপুর ও ঢাকা-১৩ এলাকায় ছিনতাই নিয়ন্ত্রণে অগ্রগতির কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সমন্বিত সিসিটিভি নজরদারি, সড়কবাতি স্থাপন এবং পুলিশের নিয়মিত তৎপরতায় কয়েকটি অপরাধপ্রবণ স্থানে ছিনতাইয়ের ঘটনা শূন্যের কোঠায় নেমে এসেছে। তবে কিছু এলাকায় এখনো অপরাধের প্রবণতা রয়েছে। সেসব স্থান চিহ্নিত করে সংশ্লিষ্ট থানাগুলোকে আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, শুধু ক্যামেরা স্থাপন করে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। পুলিশের টহল বৃদ্ধি, জনবল ও লজিস্টিক সক্ষমতা বাড়ানোও জরুরি। মোহাম্মদপুর থানার বিস্তীর্ণ এলাকায় দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করতে অতিরিক্ত টহল গাড়ি ও প্রয়োজনীয় সক্ষমতা বৃদ্ধির বিষয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে।

ট্রাফিক ব্যবস্থাপনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, শিয়া মসজিদ, আসাদগেট ও ধানমন্ডি ২৭ নম্বর আই হসপিটালসংলগ্ন এলাকায় আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু রয়েছে। আগামী দুই মাসের মধ্যে ডিআরএমসি স্কুলের পশ্চিম গেট, নূরজাহান রোড ও শম্পা মার্কেটের প্রবেশপথে আরও তিনটি আধুনিক ট্রাফিক নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ডিএমপির ট্রাফিক বিভাগ নিয়মিত সড়ক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। অবৈধ পার্কিং, যত্রতত্র যানবাহন থামানো ও ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভিডিও প্রসিকিউশন কার্যক্রমও পরিচালিত হচ্ছে।

কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণের বিষয়ে ববি হাজ্জাজ বলেন, অপরাধীদের গ্রেপ্তারের পাশাপাশি অপরাধ সৃষ্টির সামাজিক ও অর্থনৈতিক কারণগুলো দূর করতে হবে। তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং নতুন ব্যবসায়িক উদ্যোগের সুযোগ সৃষ্টি জরুরি। এ লক্ষ্যে বসিলা ও বিহারি ক্যাম্পসহ বিভিন্ন এলাকার উন্নয়ন ও পুনর্বাসন নিয়ে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকসহ উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি বিজিএমইএ ও এফবিসিসিআইসহ ব্যবসায়িক সংগঠনগুলোর সঙ্গে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে আলোচনা করা হচ্ছে।

বিহারি ক্যাম্পের মাদক সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, ক্যাম্পের প্রবেশ ও বহির্গমন পথগুলো সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশকেও বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি দীর্ঘমেয়াদি পুনর্বাসন ও উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে এলাকার সামাজিক ও অর্থনৈতিক সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, নিরাপদ মোহাম্মদপুর ও সুশৃঙ্খল ঢাকা-১৩ গড়ে তুলতে জনপ্রতিনিধি, পুলিশ, স্থানীয় জনগণ, ব্যবসায়ী, শিক্ষাপ্রতিষ্ঠান এবং গণমাধ্যমের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। নাগরিকের নিরাপত্তা ও স্বস্তিই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

প্রেস ব্রিফিংয়ে ডিএমপির ট্রাফিক-তেজগাঁও বিভাগ, মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানা এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) প্রতিনিধিসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন