লালমনিরহাট প্রতিনিধিঃ
প্রকাশ: ২২:৪৪, ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে মহেন্দ্রনগর মণ্ডলেরহাট এলাকায় কোদাল দিয়ে মাটি কেটে পানি নিষ্কাশন ও মডেল খাল পুনঃখনন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধন শেষে তিনি পুনঃখননকৃত খালের পানিতে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা ও হাঁস অবমুক্ত করেন এবং খালপাড়ে একটি স্মারক বৃক্ষ রোপণ করেন।
উদ্বোধন শেষে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খননের সুফল ও সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দল-মত নির্বিশেষে তালিকা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামী মাস থেকেই প্রথম পর্যায়ে অতিদরিদ্র ও দরিদ্র পরিবারগুলোর মা-বোনদের হাতে 'ফ্যামিলি কার্ড' তুলে দেওয়া হবে। তিনি বলেন, "মহেন্দ্রনগর মডেল খাল খনন সম্পন্ন হলে যে পানি আসবে, তার মাধ্যমে কৃষক ভাইয়েরা সেচের সুবিধা পাবেন"।
জনসভায় শিল্পায়ন ও যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিতে খুলনা থেকে রংপুর হয়ে পঞ্চগড় পর্যন্ত গ্যাসের লাইন নিয়ে আসার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, গ্যাসলাইন এলে রংপুর বিভাগে নতুন কলকারখানা স্থাপিত হবে এবং বেকারত্ব দূর হবে। এছাড়া কম খরচে বিদেশে কর্মী পাঠানোর উদ্যোগের কথাও জানান তিনি।
অপরদিকে বিগত সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, দেশের মানুষ আর গুম-খুন, অগ্নিসন্ত্রাস ও ভোটাধিকার হরণের রাজনীতিতে ফিরে যেতে চায় না। ষড়যন্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে সমুচিত জবাব দেওয়ার আহ্বান জানান তিনি।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনসহ স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, একদিনের সফরে বৃহস্পতিবার সকালে লালমনিরহাট পৌঁছান প্রধানমন্ত্রী। খাল খনন কর্মসূচির আগে তিনি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন এবং সেখানে আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশের নিজস্ব বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর প্রত্যয় ব্যক্ত করেন।
শীর্ষ সংবাদ: