কক্সবাজারে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ২৮ জন উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৯:৫২, ২১ নভেম্বর ২০২৬

কক্সবাজারে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ২৮ জন উদ্ধার

কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট থেকে মালয়েশিয়াগামী একটি ট্রলার থেকে নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ট্রলারটি জব্দ করা হলেও পুলিশের উপস্থিতির আগেই পালিয়ে যায় মানবপাচারকারী চক্রের সদস্যরা। উদ্ধার হওয়া ব্যক্তিদের অভিযোগ, মালয়েশিয়া নেওয়ার কথা বলে তাদের সাগরে প্রায় সাত দিন আটকে রেখে জিম্মি করা হয়েছিল। এমনকি পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টাও করা হয়।
শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে।

পুলিশ ও উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাতে জানা গেছে, মালয়েশিয়া যাওয়ার প্রলোভনে বিভিন্ন এলাকার নারী-পুরুষ ও শিশুসহ বেশ কয়েকজনকে প্রথমে টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া নৌঘাটে নেওয়া হয়। পরে ছোট নৌকায় করে গভীর সাগরে অবস্থানরত একটি বড় মাছ ধরার ট্রলারে তোলা হয় তাদের। সেখানে প্রায় এক সপ্তাহ সাগরে ভাসিয়ে রাখা হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, ট্রলারে তোলার পর তাদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখা হয়। মালয়েশিয়া পৌঁছে দেওয়ার আশ্বাস দিলেও একপর্যায়ে তাদের পরিবারের সদস্যদের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়। এ সময় ট্রলারে থাকা ব্যক্তিরা চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটান।

জানা যায়, ট্রলারটি সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি পৌঁছালে মাঝিমাল্লা ও পাচারকারী চক্রের সদস্যদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ সময় ভুক্তভোগীদের কয়েকজন পাচারকারীদের নিয়ন্ত্রণে বাধা দেন বলে জানা গেছে। একপর্যায়ে ট্রলারটি কক্সবাজারের দিকে ফিরে এসে লাবণী পয়েন্টে ভেড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রলার থেকে ২৮ জনকে উদ্ধার করে।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তবে প্রাথমিকভাবে বিভিন্ন সংবাদমাধ্যমে ট্রলারে প্রায় ৫০ থেকে ৭২ জন যাত্রী থাকার তথ্য প্রকাশিত হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তারা ঘটনাস্থল থেকে ২৮ জনকে হেফাজতে নিতে সক্ষম হয়েছে। পুলিশ পৌঁছানোর আগেই অন্যরা বিভিন্ন দিকে সরে পড়েন।

 

এ ঘটনায় মানবপাচারকারী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কয়েকজনের নাম উঠে এসেছে। ভুক্তভোগীদের অভিযোগ, টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকার আব্দুল আমিন (৪১) নামে এক ব্যক্তির চক্র এ ঘটনার সঙ্গে জড়িত। তবে অভিযোগের বিষয়ে তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়া প্রয়োজন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। পালিয়ে যাওয়া মানবপাচারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রলোভন দেখিয়ে এভাবে নারী-পুরুষ ও শিশুদের ঝুঁকিপূর্ণ যাত্রায় ঠেলে দেওয়া এবং জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ নতুন করে উপকূলীয় অঞ্চলে মানবপাচার চক্রের তৎপরতা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। সংশ্লিষ্টদের মতে, এসব চক্রের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা না গেলে সাগরপথে অবৈধ অভিবাসন ও মানবপাচারের ঝুঁকি থেকেই যাবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন