শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
প্রকাশ: ০০:৩৮, ২৩ আগস্ট ২০২৬
শুক্রবার বিকেল উপজেলার ভেন্নাতলা দক্ষিণ কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—সিঙ্গাপুরপ্রবাসী সোহাগ মাদবর, তার বড় ভাই সোনা মিয়া মাদবর, সোনা মিয়ার স্ত্রী মমতাজ বেগম এবং পরিবারের আরেক সদস্য।
অভিযোগ সূত্রে জানা যায়, নিজ বাড়িতে রান্নাঘর নির্মাণকে কেন্দ্র করে সোহাগ মাদবরের পরিবারের সঙ্গে প্রতিবেশীদের বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে আব্বাস আলী মাদবর, তার বাবা হাকিম মাদবরসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে সোহাগ মাদবর ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
হামলায় সোহাগ মাদবর, সোনা মিয়া মাদবর, মমতাজ বেগমসহ চারজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর আহত দুই ভাইকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয় বলে পরিবার জানিয়েছে।
আহত সোনা মিয়া মাদবর অভিযোগ করে বলেন, আমাদের নিজস্ব জায়গায় রান্নাঘর নির্মাণের কাজ চলছিল। এ সময় প্রতিপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আমাদের মারধর করে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, সিঙ্গাপুরপ্রবাসী সোহাগ মাদবর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।