যশোরে ভুয়া আইডি-ড্রাইভিং লাইসেন্স চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

​মোঃ আবুল বাসার, যশোর

প্রকাশ: ১৯:৫৯, ২৭ সেপ্টেম্বর ২০২৬

যশোরে ভুয়া আইডি-ড্রাইভিং লাইসেন্স চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

যশোর শহরের কোতোয়ালী মডেল থানাধীন ষষ্ঠীতলা এলাকায় অভিযান চালিয়ে অনলাইন প্রতারণা ও ভুয়া পরিচয়পত্র তৈরির একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ (সিপিসি-৩, যশোর ক্যাম্প)।

​শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে ষষ্ঠীতলা এলাকার জনৈক মোঃ রিপন হোসেনের তিন তলা ভবনের একটি ফ্ল্যাটে এই অভিযান পরিচালনা করা হয়।
​গ্রেপ্তারকৃতরা হল, আল মুছাব্বির রিয়াদ (২৩), পিতা: পিকুল বিশ্বাস, গ্রাম: বোংকিরা, থানা: ঝিনাইদহ সদর, জেলা: ঝিনাইদহ।
মোঃ রাসেল হোসেন (২৭), পিতা: মোঃ ইমান আলী, গ্রাম: গোডাউন কলাগাছি, থানা: ঝিকরগাছা, জেলা: যশোর। ফাহিম সাদিক (২২), পিতা: মোঃ শহিদুজ্জামান, গ্রাম: বাতানগাছি, থানা: মহেশপুর, জেলা: ঝিনাইদহ। মোঃ সিয়াম আলী (২২), পিতা: মোঃ সজল আলী, গ্রাম: জলিলপুর, থানা: মহেশপুর, জেলা: ঝিনাইদহ।

অভিযানকালে প্রতারণার কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ ডিভাইস ও সরঞ্জাম জব্দ করা হয়। জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে, ৩টি ল্যাপটপ, ৪টি কম্পিউটার পিসি, ৫টি কম্পিউটার মনিটর, ৪টি কিবোর্ড, ৪টি মাউস, ১৭টি অ্যান্ড্রয়েড মোবাইল, ১টি আইডি কার্ড প্রিন্টার, ১টি কালার প্রিন্টার, ১টি ওয়েব ক্যামেরা, ১টি পাওয়ার ব্যাংক এবং বিপুল পরিমাণ বিদেশি নকল ড্রাইভিং লাইসেন্স কার্ড।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অপতৎপরতা:
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে এসব ডিভাইস ব্যবহার করে অবৈধভাবে ভুয়া আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্সসহ বিভিন্ন নকল পরিচয়পত্র তৈরি করে আসছিল। পরবর্তীতে এগুলো অনলাইনের মাধ্যমে সরবরাহ করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা চালিয়ে আসছিল এই চক্রটি।

​এসআরবি কর্তৃপক্ষ জানায়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, অবৈধ মালামাল জব্দ এবং চাঞ্চল্যকর অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই সফল অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালী মডেল থানায় মামলা রুজু করে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন